প্রকাশ :: ... | ... | ...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি ঘোষণা


সংযুক্ত ছবি

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে বিক্ষোভ ক‌রে। শিল্পপুলিশ গি‌য়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদি‌কে, ১১টার দি‌কে সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ক‌রে রা‌খে শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গি‌য়ে মহাসড়ক থে‌কে শ্রমিক‌দের সরিয়ে দি‌লে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য ২০টি পোশাক কারখানায় ছুটি দেয়া হয়েছে। এর বাইরে অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, আজকেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ কাজ করছে। অপরদিকে, গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও ১৫ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। যারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। গাজীপুরের কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।