জাপান ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ২০২৭ সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে, ওই বছর ভারতের নামমাত্র মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৪ লাখ ৫২ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। বিপরীতে, জাপান নেমে যেতে পারে ষষ্ঠ স্থানে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত আইএমএফের পূর্বাভাসে এ চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালে জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রাখবে। তবে ২০২৭ সালে ভারত চতুর্থ এবং যুক্তরাজ্য পঞ্চম স্থানে উঠে আসতে পারে। জাপান নেমে যাবে ষষ্ঠ স্থানে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভারতের নামমাত্র জিডিপি হতে পারে প্রায় ৪ লাখ ৫২ হাজার ১০০ কোটি ডলার। যুক্তরাজ্যের ক্ষেত্রে তা ৪ লাখ ৪৮ হাজার ৯০০ কোটি ডলার এবং জাপানের ৪ লাখ ৪৬ হাজার ৮০০ কোটি ডলার। তিন দেশের অর্থনীতির আকারের ব্যবধান তুলনামূলকভাবে কম থাকায় ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও মুদ্রার বিনিময় হারের পরিবর্তনে অবস্থান বদলাতে পারে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় যুক্তরাষ্ট্র প্রথম, চীন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ভারতের সম্ভাব্য অগ্রগতি দেশটির সাম্প্রতিক শক্তিশালী প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে নামমাত্র জিডিপির ভিত্তিতে অর্থনীতির আকারের এ হিসাব মাথাপিছু আয় বা সাধারণ মানুষের জীবনযাত্রার মানের সরাসরি প্রতিফলন নয়। আইএমএফ চলতি বছরের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করেছে। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলায় ভারত তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির অর্থনীতির মৌলিক ভিত্তি, রাজস্ব ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে বলে তাঁর মূল্যায়ন। অন্যদিকে, জাপানের অর্থনীতি চলতি বছর ০ দশমিক ৭ শতাংশ হারে বাড়তে পারে বলে আইএমএফের পূর্বাভাস। দেশটির প্রবৃদ্ধিতে মন্থরতার পেছনে বয়স্ক জনসংখ্যা, কাঠামোগত সীমাবদ্ধতা এবং জ্বালানির উচ্চমূল্যের প্রভাব রয়েছে। জাপান আমদানি করা জ্বালানি ও কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। তবে অর্থনীতির বৈশ্বিক অবস্থান নির্ধারণে শুধু প্রবৃদ্ধির হারই নয়, মুদ্রার বিনিময় হারও গুরুত্বপূর্ণ। ডলারে হিসাব করা নামমাত্র জিডিপির ক্ষেত্রে মুদ্রার দরপতন বা মূল্যবৃদ্ধি কোনো দেশের অর্থনীতির আন্তর্জাতিক অবস্থান বদলে দিতে পারে। ফলে ২০২৭ সালে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হবে—আইএমএফের এ হিসাব একটি পূর্বাভাস, চূড়ান্ত ফল নয়। ভারতের জন্য এ পূর্বাভাস অর্থনীতির আকারের দিক থেকে বড় মাইলফলক হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে অর্থনীতির সামগ্রিক আকার বাড়ার পাশাপাশি কর্মসংস্থান, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানে কতটা উন্নতি হচ্ছে, তা মূল্যায়নের জন্য আলাদা সূচক বিবেচনা করতে হবে।