প্রকাশ :: ... | ... | ...

দুই দশক পর টেংরাটিলায় নতুন কূপ খননের পরিকল্পনা, জাগছে সম্ভাবনা


সংযুক্ত ছবি

গ্যাসক্ষেত্র পুনরায় চালুর উদ্যোগে আশাবাদী স্থানীয়রা, তবে বিস্ফোরণের ক্ষত, স্বাস্থ্যঝুঁকি ও অবৈধ দখল নিয়ে উদ্বেগ কাটেনি দুই দশক আগে ভয়াবহ দুটি বিস্ফোরণে বিপর্যস্ত হয়ে পড়া সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র আবার চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে নতুন কূপ খননের উদ্যোগের কথাও সামনে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ে গ্যাসক্ষেত্রটির বিস্ফোরণের ঘটনায় কানাডীয় প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ নতুন করে আলোচনায় এনেছে টেংরাটিলার ভবিষ্যৎ। গ্যাসক্ষেত্রটি পুনরায় চালু হলে জাতীয় জ্বালানি খাতে নতুন সরবরাহের সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করছেন এলাকাবাসী। তবে বিস্ফোরণের দীর্ঘমেয়াদি ক্ষতি, স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি, বিশুদ্ধ পানির সংকট এবং গ্যাসক্ষেত্রের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মতো সমস্যার সমাধানও চান তাঁরা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ‘টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি এখনো বন্ধ রয়েছে। তবে সরকার গ্যাসক্ষেত্রটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ায় এগিয়ে চলছে।’ ১৯৫৯ সালে আবিষ্কৃত টেংরাটিলা ছিল দেশের অন্যতম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। এখানকার গ্যাস সরবরাহ করা হতো ছাতক সিমেন্ট কারখানা ও পেপার মিলে। কিন্তু ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে গ্যাসক্ষেত্রটি কার্যত অচল হয়ে পড়ে। বিস্ফোরণের পর শত শত ফুট উঁচুতে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। বিপুল পরিমাণ গ্যাস পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি, কৃষিজমি ও পরিবেশ। বিস্ফোরণের ঘটনায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। যাঁরা এলাকায় থেকে গেছেন, তাঁদের অনেকের অভিযোগ, বিস্ফোরণের পর থেকে তাঁরা নানা শারীরিক সমস্যায় ভুগছেন। স্থানীয়দের দাবি, দুই দশক পেরিয়ে গেলেও গ্যাসক্ষেত্রের আশপাশের কিছু এলাকায় মাটি ও পানির নিচ থেকে এখনো গ্যাসের বুদ্‌বুদ বের হতে দেখা যায়। বিস্ফোরণের স্মৃতি এখনো তাড়া করে টেংরাটিলা গ্রামের বাসিন্দা হুমায়ূন মিয়ার বয়স তখন ১৩ বছর। বিস্ফোরণের ভয়াবহ স্মৃতি এখনো তাঁর মনে গেঁথে আছে। তিনি বলেন, ‘টেংরাটিলায় যখন অগ্নিকাণ্ড হয়, তখন আমার বয়স ছিল ১৩ বছর। আমাকে নিয়ে মা দোয়ারাবাজারের মাছিমপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে রেখে গিয়েছিলেন। বাবা আমাদের বাড়ি বাঁচানোর জন্য টেংরাটিলা গ্রামে যান, কিন্তু কিছুই রক্ষা করতে পারেননি।’ স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আশা করেছিলেন, দ্রুত সমস্যার সমাধান করে টেংরাটিলায় আবার গ্যাস উত্তোলন শুরু হবে। কিন্তু এখনো তা হয়নি। তাঁর ভাষ্য, গ্যাসক্ষেত্রটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে। গ্যাসক্ষেত্রের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টিও তুলে ধরেন তিনি। জিল্লুর রহমান বলেন, তাঁর ভাইসহ অনেকে গ্যাসক্ষেত্রের জায়গায় ভবন নির্মাণ করেছেন। প্রকল্প চালু হলে এসব স্থাপনা সরিয়ে নেওয়া প্রয়োজন হবে। আরেক বাসিন্দা শামসুল আলম বলেন, গ্যাসক্ষেত্রটি চালু হলে দেশের চলমান গ্যাসসংকট মোকাবিলায় কিছুটা হলেও সহায়তা মিলতে পারে। তিনি জানান, বিস্ফোরণের সময় তাঁর বয়সও ছিল ১৩ বছর। ওই ঘটনার পর এলাকার মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, গ্যাসক্ষেত্রের জায়গা দখল করে অনেকে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। প্রকল্প বাস্তবায়নের আগে এসব জায়গা উদ্ধার করা প্রয়োজন। স্বাস্থ্যঝুঁকি ও বিশুদ্ধ পানির সংকট গ্যাসক্ষেত্র পুনরায় চালুর সম্ভাবনার পাশাপাশি স্থানীয় মানুষের বড় উদ্বেগ স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে। জিল্লুর রহমানের অভিযোগ, টেংরাটিলা ও আশপাশের এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। সরকারের উচিত এসব সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া। অলি মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, বিস্ফোরণের পর থেকে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাঁর দাবি, অনেক পরিবারে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। এ বিষয়ে সরকারের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে স্থানীয়দের এসব স্বাস্থ্যসংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো চিকিৎসা প্রতিবেদন, স্বাস্থ্য জরিপ বা বৈজ্ঞানিক গবেষণার তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সঙ্গে বর্তমান রোগব্যাধি কিংবা জন্মগত শারীরিক সমস্যার সরাসরি সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবেশগত সমীক্ষা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, টেংরাটিলায় অগ্নিকাণ্ডের পর গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। এলাকার মানুষের স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি গ্যাসক্ষেত্রের জায়গা কেউ দখল করে থাকলে তা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। গ্যাসক্ষেত্রের জমিতে অবৈধ স্থাপনা দীর্ঘদিন গ্যাসক্ষেত্রটি বন্ধ থাকায় এর আশপাশের কিছু জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। টেংরাটিলা বাজার এলাকায় গ্যাসক্ষেত্রের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার ঘটনাও সামনে এসেছে। এমন একটি স্থাপনার মালিক আতাউর রহমান ফরাজির ভাই সিরাজুর রহমান ফরাজি বলেন, তাঁর ভাই গ্যাসক্ষেত্রের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। তবে প্রকল্প চালু হলে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হবে। তাঁর দাবি, শুধু তাঁর ভাই নন, আরও অনেকে গ্যাসক্ষেত্রের জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন। গ্যাসক্ষেত্র পুনরায় চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব দখলদারির অবসান এবং সরকারি সম্পত্তি উদ্ধারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রকল্পের কাজ শুরুর আগে জমির সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও জোর দিচ্ছেন স্থানীয়রা। ক্ষতিপূরণের রায়, নতুন করে প্রত্যাশা টেংরাটিলা বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ নিয়ে আইনি বিরোধ চলেছে। সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ে নাইকো রিসোর্সেসকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় এবং নতুন কূপ খননের পরিকল্পনা স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ক্ষতিপূরণ আদায় এবং গ্যাসক্ষেত্র পুনরায় চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে। গ্যাস উত্তোলন শুরু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে জাতীয় জ্বালানি সরবরাহেও টেংরাটিলা নতুন ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনা ঘোষণা আর বাস্তবে গ্যাস উত্তোলন শুরু হওয়া এক বিষয় নয়। নতুন কূপ খননের আগে গ্যাসক্ষেত্রের বর্তমান অবস্থা, মজুত, উৎপাদন সক্ষমতা, বিস্ফোরণের পর ভূগর্ভস্থ কাঠামোর নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকি যাচাই করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যারও সমাধান জরুরি। দুই দশক ধরে অচল পড়ে থাকা টেংরাটিলা গ্যাসক্ষেত্র ঘিরে নতুন করে সম্ভাবনা তৈরি হলেও স্থানীয় মানুষের প্রত্যাশা—এবার যেন পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না থাকে। গ্যাস উত্তোলন পুনরায় শুরু করার পাশাপাশি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হোক। সূত্র : জাগো নিউজ