রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
পুরুষের তুলনায় নারী শ্রমিকের মজুরি ২১ শতাংশ কম; উঠে এসেছে শিল্প খাতের আয়বৈষম্য, উৎপাদন ও কর্মসংস্থানের চিত্র তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। বিপরীতে এ খাতের শ্রমিকদের গড় মাসিক মজুরি ২০ হাজার ৯০৬ টাকা। আর প্রাথমিক স্তরের একজন শ্রমিকের গড় মজুরি ১৬ হাজার ৬৫৪ টাকা। একই সঙ্গে শিল্পকারখানায় পুরুষ শ্রমিকদের তুলনায় নারীরা গড়ে ২১ শতাংশ কম মজুরি পান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, দেশের মাঝারি ও বড় শিল্পকারখানায় সব শ্রেণির কর্মীর গড় মাসিক মজুরি ২১ হাজার ২৬৩ টাকা। তৈরি পোশাক খাতে এ হার ২০ হাজার ৯০৬ টাকা। পোশাক খাতের বাইরে অন্যান্য শিল্পে কর্মীদের গড় মাসিক মজুরি ২২ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে অন্যান্য শিল্পের তুলনায় তৈরি পোশাক খাতে কর্মীদের গড় মজুরি ১ হাজার ৯৬৯ টাকা কম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’ শীর্ষক জরিপের প্রথম রাউন্ডের ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসের তথ্যের ভিত্তিতে দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপ পরিচালনা করেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল। তবে শ্রমিকদের মজুরি নিয়ে জরিপের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। এ তথ্য সরাসরি শ্রমিকদের সাক্ষাৎকার নিয়ে সংগ্রহ করা হয়নি; বরং কারখানার ব্যবস্থাপকদের দেওয়া গড় হিসাবের ভিত্তিতে তৈরি হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয়নি। কারখানার ব্যবস্থাপকদের কাছে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের গড় বেতন জানতে চাওয়া হয়েছে। মালিক-পরিচালক ও শ্রমিকের আয়ে বড় ব্যবধান জরিপে তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা পাওয়া গেছে। অন্যান্য শিল্পে এ শ্রেণির ব্যক্তিদের গড় বেতন ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। অর্থাৎ পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় বেতন অন্যান্য শিল্পের তুলনায় ৮৫ হাজার ৪৭১ টাকা বেশি। ব্যবস্থাপকদের ক্ষেত্রেও তৈরি পোশাক খাত এগিয়ে। এ খাতে তাঁদের গড় মাসিক বেতন ৮৪ হাজার ৪১৮ টাকা। অন্যান্য শিল্পে তা ৬৪ হাজার ২৬৮ টাকা। ব্যবধান ২০ হাজার ১৫০ টাকা। তবে পেশাগত কর্মীদের ক্ষেত্রে চিত্র উল্টো। তৈরি পোশাক খাতে এ শ্রেণির কর্মীদের গড় বেতন ৪৬ হাজার ৭৬৭ টাকা, অন্য শিল্পে ৬০ হাজার ৮৬১ টাকা। টেকনিশিয়ানদের ক্ষেত্রে পোশাক খাতের গড় মজুরি ৩৬ হাজার ৯৫৯ টাকা, অন্যান্য শিল্পে ৩২ হাজার ৫৩১ টাকা। কেরানি পদে তৈরি পোশাক খাতের কর্মীদের গড় মজুরি ২৫ হাজার ৫৬৪ টাকা। অন্যান্য শিল্পে এ হার ২৪ হাজার ৭৮৪ টাকা। সেবা ও বিক্রয়কর্মীদের ক্ষেত্রে ব্যবধান আরও বেশি। পোশাক খাতে তাঁদের গড় মাসিক মজুরি ৬২ হাজার ৭৪৬ টাকা, অন্যান্য শিল্পে ২৪ হাজার ৪৫২ টাকা। মেশিন অপারেটর ও কারিগরদের গড় মাসিক মজুরি তৈরি পোশাক খাতে ১৯ হাজার ৪৬৯ টাকা এবং অন্যান্য শিল্পে ১৮ হাজার ১২৯ টাকা। প্রাথমিক স্তরের কর্মীদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ১৬ হাজার ৬৫৪ ও ১৫ হাজার ৬৩৩ টাকা। জরিপে মজুরি বলতে মূল বেতন, বেতন ও সম্মানী বোঝানো হয়েছে। বোনাস ও অন্যান্য সুবিধা এ হিসাবের অন্তর্ভুক্ত নয়। ফলে কর্মীদের মোট আয় বা হাতে পাওয়া অর্থের সঙ্গে জরিপে উল্লেখ করা মজুরির অঙ্কের পার্থক্য থাকতে পারে। নারী শ্রমিকের মজুরি ২১ শতাংশ কম শিল্পকারখানায় নারী ও পুরুষ শ্রমিকের গড় মজুরিতেও উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। জরিপে পুরুষদের গড় মাসিক মজুরি পাওয়া গেছে ২৩ হাজার ৮৬১ টাকা। নারীদের ক্ষেত্রে তা ১৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ পুরুষের তুলনায় নারী শ্রমিক মাসে গড়ে ৫ হাজার ৪১ টাকা কম পান। শতকরা হিসাবে ব্যবধান প্রায় ২১ শতাংশ। তৈরি পোশাক খাতে নারীদের গড় মাসিক মজুরি ১৮ হাজার ৯৯৩ টাকা, পুরুষদের ২৩ হাজার ৫৭৬ টাকা। এ খাতে নারী-পুরুষের ব্যবধান ৪ হাজার ৫৮৩ টাকা। অন্যান্য শিল্পে নারীদের গড় মজুরি ১৬ হাজার ৬৫৯ টাকা এবং পুরুষদের ২৪ হাজার ৫৪২ টাকা। সেখানে ব্যবধান ৭ হাজার ৮৮৩ টাকা। তবে একই পদে নারী ও পুরুষের মজুরি কত, তাঁদের কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতার মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে—এসব বিষয়ে জরিপে বিস্তারিত তথ্য নেই। গবেষক কাজী ইকবালও জানিয়েছেন, এ ধরনের বিশদ তথ্য জরিপের উপাত্তে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে শুধু গড় মজুরির তথ্য দিয়ে নারী-পুরুষের মজুরিবৈষম্যের কারণ নির্দিষ্ট করা সম্ভব নয়। বিদ্যুৎ-গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত মজুরির পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন, ব্যয়, কর্মসংস্থান, বিনিয়োগ ও ব্যবসায়িক পরিস্থিতিও জরিপে পর্যালোচনা করা হয়েছে। এতে এপ্রিল-জুন প্রান্তিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতিকে উৎপাদনের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, এ সময়ে মাঝারি ও বড় শিল্পকারখানায় প্রতিদিন গড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ৪ দশমিক ১ ঘণ্টা। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময় দ্বিগুণ। গ্যাস সরবরাহে দৈনিক গড় বিঘ্ন ছিল ৩ দশমিক ২ ঘণ্টা। বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে উৎপাদনের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে। জ্বালানি খরচ বেড়েছে ৫ শতাংশ, পরিবহন ব্যয় ১০ শতাংশ। কাঁচামালের দাম বেড়েছে ৯৪ শতাংশ কারখানায়। জরিপে বলা হয়েছে, এপ্রিল ও জুনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং জুনে বিদ্যুতের দাম বাড়ার প্রভাবও উৎপাদন ব্যয়ের ওপর পড়েছে। এ সময় ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছিল। উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। মাঝারি ও বড় শিল্পকারখানায় গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে নেমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে এ হার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে তৈরি পোশাক খাতে উৎপাদন ২ শতাংশ বেড়েছে। জরিপে অংশ নেওয়া ১৩০টি কারখানার মধ্যে ৪০টিতে উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে ৩০টি কারখানায় উৎপাদন কমেছে। সামগ্রিকভাবে এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় একই ছিল। কর্মসংস্থান ও বিনিয়োগেও স্থবিরতা শিল্পকারখানায় কর্মসংস্থানের চিত্রও আশাব্যঞ্জক নয়। জরিপ অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় এপ্রিল-জুন সময়ে মোট শ্রমিকের সংখ্যা প্রায় ১ শতাংশ কমেছে। এ সময়ে শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হারও ১৯ শতাংশ কমেছে। নতুন নিয়োগের বড় অংশই ছিল আগে চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকের শূন্য পদ পূরণ। জরিপে নতুন বিনিয়োগ ও কর্মী নিয়োগে স্থবিরতার কথাও উঠে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ব্যয় বেড়েছে, কিন্তু শ্রমিকের সংখ্যা কমেছে। ব্যবসায়িক পরিস্থিতি মূল্যায়নের পাঁচটি সূচকই এপ্রিল-জুন প্রান্তিকে ৫০-এর নিচে ছিল। তবে পরবর্তী তিন মাসের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে বেড়ে ৫৪ হয়েছে। এতে উদ্যোক্তাদের মধ্যে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতির প্রত্যাশা দেখা যায়। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক অনুষ্ঠানে বলেন, উৎপাদনশীল শিল্প খাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য এ জরিপ চালু করা হয়েছে। উৎপাদন, কাঁচামাল, জ্বালানি, কর্মসংস্থান, মজুরি ও ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে শিল্প খাতের প্রবণতা এবং অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। গবেষক কাজী ইকবাল বলেন, গবেষণার জন্য ২২টি শিল্প সমিতির সদস্যতালিকা থেকে ৩ হাজার ৯৬৫টি মাঝারি ও বড় কারখানার নমুনা কাঠামো তৈরি করা হয়। সেখান থেকে ১৪টি শিল্প খাতকে পৃথক শ্রেণিতে ভাগ করে দৈবচয়ন পদ্ধতিতে ১৩০টি কারখানা নির্বাচন করা হয়েছে। শিল্পনীতি ২০২২ অনুযায়ী, ১২১ থেকে ৩০০ শ্রমিক রয়েছে এমন কারখানাকে মাঝারি এবং ৩০০-এর বেশি শ্রমিক রয়েছে এমন কারখানাকে বড় হিসেবে বিবেচনা করা হয়েছে। জরিপে তৈরি পোশাক, বস্ত্র ও সুতা, ওষুধ ও রাসায়নিক, প্লাস্টিক ও রাবার, চামড়া, পাট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, আসবাব, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, সিমেন্ট, সিরামিক এবং লোহা ও ইস্পাতসহ বিভিন্ন শিল্প অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি নীতিগত অবস্থান নিয়েছে। তবে শুধু নীতির কথা শুনতে মানুষ আগ্রহী নয়; বাস্তবে পরিবর্তন দেখতে চায়। কোনো নীতি বাস্তবায়নে কতটা অগ্রগতি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দুর্বল অর্থনীতি ও প্রতিষ্ঠানগত নানা সমস্যা ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা যুক্ত হয়েছে, যার প্রভাব পড়েছে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে। অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজও বক্তব্য দেন।