বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। আগের সেশনে যে তীব্র উত্থান দেখা গিয়েছিল তা আংশিকভাবে উল্টে গেছে। বিশেষজ্ঞের মতে, এই পতনের পেছনে প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আশাবাদ, যা মধ্যপ্রাচ্য থেকে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমিয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে কিছুটা চাঞ্চল্য ফিরেছে। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে সরবরাহ ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি। আঞ্চলিক অস্থিরতা এবং ইরানের আলোচনায় পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও বাজারে চাপ তৈরি করে রাখছে। এর আগে সোমবার আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানির দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে আজ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি এক দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দীর্ঘস্থায়ী এ সংঘাত বিশ্ব অর্থনীতিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে আলোচনার নতুন সম্ভাবনা সেই আশঙ্কা কিছুটা হলেও কমিয়ে আনছে।