সাভার-আশুলিয়ায় ৪০ ও গাজীপুরে ২২ কারখানায় উৎপাদন বন্ধ; ফতুল্লায় কর্মবিরতি শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের ৬২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা এবং গাজীপুরে ২২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। এদিকে, আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় আহত এক শ্রমিক ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শিল্প পুলিশের ভাষ্য অনুযায়ী, সাভার-আশুলিয়ায় নতুন করে শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা ঘটেনি। সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ আগের দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক। এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, সাভার-আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে চারটি কারখানা। এসব কারখানা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। আবার নতুন করে কয়েকটি কারখানা একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরাও অনেকটা শান্ত হয়েছেন। তবে মজুরি বোর্ডের সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ পরিস্থিতিতে সভা স্থগিত করা ঠিক হয়নি। অন্যদিকে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকায় অন্তত পাঁচটি কারখানার সামনে বন্ধের কোনো সাইনবোর্ড দেখা যায়নি। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, এসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত রাবার ফ্যাশন কারখানাটিও বন্ধ রয়েছে বলে জানান সামনের একটি চায়ের দোকানের মালিক আবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবুল হোসেন বলেন, ‘একসময় আশপাশের এলাকা সরগরম থাকত। এখন তো শ্রমিকই দেখা যায় না।’ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গত সপ্তাহজুড়েই শ্রমিকদের আন্দোলন চলছে। মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এসব এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে মজুরি বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। ফতুল্লায় কর্মবিরতি, সাত প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকায় মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। সোমবার বেলা ১১টা থেকে রামারবাগ এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রাখেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। তবে ফতুল্লার কাঠেরপুলের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকেরা কর্মবিরতিতে রয়েছেন। তাঁরা কারখানার ভেতরেই অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকালে অন্যান্য দিনের মতোই কারখানায় কাজ চলছিল। মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর শোনার পর শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। তবে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এসআরবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি এবং পুলিশের টহলও বাড়ানো হয়েছে। সোমবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম সামগ্রিকভাবে স্বাভাবিক রয়েছে। এসব কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং সহযোগিতার কারণে এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন। সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও শ্রমিক অসন্তোষ দেখা দিলে তা শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আশুলিয়ায় হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত জুতা কারখানার এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো. সেলিমের বয়স ২৩ বছর। তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড কারখানার সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সেলিম আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারের সঙ্গে তখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে বিভিন্ন কারখানার প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক লাঠিসোঁটা, ইট-পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে আউকপাড়ার ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড কারখানার ফটকে যান। তাঁরা নিরাপত্তাপ্রহরীদের গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন। নিরাপত্তার স্বার্থে প্রহরীরা গেট খুলতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা কারখানার গেট ও নিরাপত্তাকক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। পরে কর্তৃপক্ষ সাময়িক ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেয়। এ সময় হামলাকারীরা ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার কারখানার শ্রমিক সেলিম, মো. রাকিব (২৪), লিমন (২৫)সহ কয়েকজনকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় আশুলিয়ার নিট প্লাস কারখানার শ্রমিক রনজিৎ বিশ্বাসের নেতৃত্বে হামলার অভিযোগ আনা হয়েছে। ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা প্রিন্স সরদার বাদী হয়ে ৭ নভেম্বর আশুলিয়া থানায় মামলা করেন। হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় রনজিৎ বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এসআই আনোয়ার হোসেন বলেন, মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। সেলিমের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে মামলার বাদী প্রিন্স সরদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।