প্রাথমিক হিসাবে বিপুল মজুত, উত্তোলনযোগ্য হতে পারে ১০ কোটি টন; ২১টি কূপ খনন ও বিস্তারিত কারিগরি সমীক্ষার পরও থেমে আছে প্রকল্প। সৌদি আরবের অর্থায়ন না পাওয়া, ভূগর্ভের উচ্চ তাপমাত্রা ও বিনিয়োগ জটিলতায় আটকে আছে শিল্পায়নের সম্ভাবনা জয়পুরহাটের মাটির প্রায় ৫০০ মিটার গভীরে রয়েছে উন্নতমানের চুনাপাথরের বিশাল মজুত। ১৯৬৩ সালে এই খনিজ সম্পদের সন্ধান পাওয়ার পর খনি উন্নয়নে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের জরিপ, সম্ভাব্যতা যাচাই, ২১টি কূপ খনন, শ্যাফট নির্মাণের পরিকল্পনা এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ। একপর্যায়ে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন চুনাপাথর উত্তোলনের পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বাণিজ্যিকভাবে খনি থেকে এক টন চুনাপাথরও উত্তোলন করা সম্ভব হয়নি। প্রাথমিক জরিপে জয়পুরহাটের চাকগোপাল এলাকায় প্রায় ২৭ কোটি মেট্রিক টন চুনাপাথরের সম্ভাব্য মজুতের কথা বলা হয়েছিল। এর মধ্যে প্রায় ১০ কোটি টন উত্তোলনযোগ্য হতে পারে বলে ধারণা করা হয়। অন্য একটি পুরোনো সমীক্ষায় প্রায় ১০ কোটি টন উন্নতমানের চুনাপাথরের হিসাব পাওয়া যায়। তবে এসব হিসাবের ভিত্তি, মজুতের শ্রেণি ও উত্তোলনযোগ্য পরিমাণ নিয়ে তথ্যের ভিন্নতা রয়েছে। ফলে বর্তমান সময়ে খনিটির প্রকৃত বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে হালনাগাদ মূল্যায়ন প্রয়োজন। একসময় খনি ও সিমেন্ট কারখানাকে কেন্দ্র করে জয়পুরহাটে শিল্পাঞ্চল গড়ে তোলার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু অর্থায়নের অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং গভীর ভূগর্ভে খনি পরিচালনার কারিগরি জটিলতায় প্রকল্পটি আর এগোয়নি। দীর্ঘদিনের অব্যবহারে প্রকল্পের পুরোনো স্থাপনার অনেকটাই নষ্ট হয়েছে। অধিগ্রহণ করা জমির বড় অংশও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহারে চলে গেছে। অথচ প্রকল্পের রক্ষণাবেক্ষণে এখনো কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। জরিপ, পরিকল্পনা ও অর্থায়নের প্রতিশ্রুতি সংশ্লিষ্ট নথি ও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৬৩ সালে জয়পুরহাটে চুনাপাথরের সন্ধান পাওয়ার পর খনি উন্নয়নের জন্য ১৪২ একর জমি অধিগ্রহণ করা হয়। জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান ১৯৬৪ সালে প্রকল্প এলাকায় কাজ শুরু করে। পরের বছর জার্মানির ফ্রাইড ক্রপ রোস্তোফি নামের একটি জরিপ প্রতিষ্ঠান খনির সম্ভাব্যতা যাচাই করে। প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালের নভেম্বরে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে ভূগর্ভের ৫১৩ থেকে ৫৭০ মিটার গভীরে চুনাপাথরের স্তর থাকার কথা উল্লেখ করা হয়। প্রায় ৬ দশমিক ৭ বর্গকিলোমিটার এলাকায় ১০ কোটি টন উন্নতমানের চুনাপাথরের মজুতের হিসাব দেওয়া হয়েছিল। পরে যুক্তরাজ্যের পাওয়েল ডাফরিন নামের আরেকটি প্রতিষ্ঠান কারিগরি সমীক্ষা করে ১৯৬৯ সালের সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে একই বছরের অক্টোবরে তৎকালীন পাকিস্তান সরকার প্রকল্পটি অনুমোদন করে। তবে বৈদেশিক মুদ্রার সংকটে বাস্তবায়নের উদ্যোগ থেমে যায়। স্বাধীনতার পর ১৯৭৪ সালে বছরে ১০ লাখ টন চুনাপাথর আহরণের লক্ষ্য নিয়ে প্রকল্প উন্নয়নের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৮ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩৫ কোটি টাকা বৈদেশিক মুদ্রায় সহায়তার আশ্বাস মিললেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৮ সালে ব্রিটিশ প্রতিষ্ঠান সিমেন্টেশন মাইনিং ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড প্রশাসনিক ভবন নির্মাণসহ প্রকল্পের কিছু কাজ শুরু করে। এ পর্যায়ে সৌদি আরবের পক্ষ থেকে অর্থায়নের আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে খনি উন্নয়নের জন্য মোট ব্যয় ১৫৯ কোটি টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে সৌদি আরব প্রায় ১১৯ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে প্রকল্প-সংশ্লিষ্ট পুরোনো তথ্য থেকে জানা যায়। ২১টি কূপ খনন, তারপরও থেমে যায় প্রকল্প ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশন (বিএমইডিসি) খনি উন্নয়নের কাজ নতুন করে শুরু করে। প্রথম পর্যায়ে ২০ থেকে ২১টি কূপ খনন করে ভূগর্ভে চুনাপাথরের অবস্থান ও মজুত যাচাই করা হয়। এ কাজে ব্যয় হয় প্রায় ১২ কোটি ৯০ লাখ টাকা। দ্বিতীয় পর্যায়ে শ্যাফট নির্মাণের মাধ্যমে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টন চুনাপাথর উত্তোলনের পরিকল্পনা সামনে রেখে বিস্তারিত কারিগরি সমীক্ষা চালানো হয়। ১৯৮২ সালে শ্যাফট নির্মাণসহ খনি উন্নয়নে প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, খনি থেকে চুনাপাথর উত্তোলন করে সিমেন্ট উৎপাদন করা সম্ভব হলে দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি হতো। কিন্তু সমীক্ষা ও প্রাথমিক কাজ শেষ হওয়ার পরও সৌদি আরব প্রতিশ্রুত অর্থ ছাড় করেনি। ফলে প্রকল্পের পরবর্তী কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রকল্প-সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ভূগর্ভের ৫১৫ থেকে ৫৬০ মিটার গভীরে চুনাপাথরের স্তর রয়েছে। ওই স্তরে তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাওয়া গেছে। এত গভীরে খনি পরিচালনার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি, পর্যাপ্ত বায়ু চলাচল, শীতলীকরণব্যবস্থা, ভূগর্ভস্থ পানির চাপ নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ব্যবস্থার জন্য বড় অঙ্কের বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি প্রয়োজন। প্রকল্পটির দীর্ঘদিনের স্থবিরতার কারণ হিসেবে অর্থায়নের সংকটের কথা বলা হলেও ভূগর্ভের পরিবেশ ও কারিগরি জটিলতাও বড় বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ চুনাপাথরের মজুত শনাক্ত করা এবং বাস্তবে নিরাপদ ও লাভজনকভাবে তা উত্তোলন করা এক বিষয় নয়। খনির গভীরতা, তাপমাত্রা, পানির প্রবাহ, উত্তোলন প্রযুক্তি এবং উৎপাদন ব্যয় বিবেচনায় না নিলে প্রকল্পটি অর্থনৈতিকভাবে টেকসই হবে কি না, তা নির্ধারণ করা সম্ভব নয়। মজুতের হিসাব নিয়ে প্রশ্ন, নতুন সমীক্ষার প্রয়োজন জয়পুরহাটের চুনাপাথর খনির সম্ভাবনা নিয়ে পুরোনো জরিপ ও বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্যে কিছু অমিল রয়েছে। কোথাও প্রায় ১০ কোটি টন উন্নতমানের চুনাপাথরের মজুতের কথা বলা হয়েছে, আবার কোথাও মোট সম্ভাব্য মজুত ২৭ কোটি টন এবং এর মধ্যে প্রায় ১০ কোটি টন উত্তোলনযোগ্য হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। খনির বিস্তৃতিও বিভিন্ন নথিতে ৬ দশমিক ৪৭, ৬ দশমিক ৭ এবং ১৩ দশমিক ২ বর্গকিলোমিটার হিসেবে এসেছে। এসব পার্থক্যের কারণ হতে পারে জরিপের সময়, অনুসন্ধানের পরিধি, হিসাবের পদ্ধতি কিংবা মজুতের শ্রেণিবিন্যাস। তবে সরকারি নথি ও হালনাগাদ জরিপ ছাড়া এসব হিসাবের মধ্যে কোনটি বর্তমান প্রকৃত মজুতের সবচেয়ে কাছাকাছি, তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। খনি উন্নয়ন-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একজন মর্তুজা আহম্মদ ফারুক মনে করেন, জয়পুরহাটের চুনাপাথর প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষার কাজ অতীতেই অনেক দূর এগিয়েছিল। জামালগঞ্জ সিবিএম স্টাডি কয়লা খনি প্রকল্পের মনিটরিং কনসালট্যান্ট এবং পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মর্তুজা আহম্মদ ফারুক বলেন, ১৯৬৩ সালে চুনাপাথর আবিষ্কারের পর খনি উন্নয়নে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই বৈদেশিক বিনিয়োগের অভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি বলেন, চুনাপাথর প্রকল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থকারিগরি প্রতিবেদন ও বিস্তারিত প্রকৌশল সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছিল। ১৯৮২ সালে খনি উন্নয়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১৫৮ কোটি টাকা। তবে বর্তমান সময়ে ওই অর্থে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এখন বিদেশি কোনো বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে নতুন করে সম্ভাব্য ব্যয় নিরূপণ করে কাজ শুরু করা গেলে অল্প সময়ের মধ্যে খনি থেকে চুনাপাথর উত্তোলন সম্ভব হতে পারে। বিশেষজ্ঞের এই বক্তব্যের সঙ্গে প্রকল্পের বর্তমান বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে। অতীতের সমীক্ষা থাকলেও সেগুলোর তথ্য কতটা হালনাগাদ, বর্তমান প্রযুক্তিতে উত্তোলন কতটা নিরাপদ এবং উৎপাদন ব্যয় কত হবে—এসব বিষয়ে নতুন করে মূল্যায়ন ছাড়া খনি চালুর সিদ্ধান্ত নেওয়া কঠিন। পুরোনো সমীক্ষা প্রকল্পের ভিত্তি হতে পারে, কিন্তু বর্তমান বিনিয়োগ সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হতে পারে না। ১৪২ একর জমির বেশির ভাগই আর প্রকল্পের হাতে নেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১৪২ একর জমির মধ্যে বর্তমানে প্রায় ৫৯ একর জমি খনি প্রকল্পের অধীনে রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বাকি জমির অংশ মহিলা গার্লস ক্যাডেট, মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি ইনস্টিটিউট এবং কিশোর সংশোধন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহারে দেওয়া হয়েছে। প্রকল্পের পুরোনো জরিপ অনুযায়ী, অবশিষ্ট জমির নিচেও চুনাপাথরের স্তর রয়েছে। দীর্ঘদিন ধরে প্রকল্পটি বন্ধ থাকলেও এর রক্ষণাবেক্ষণে একজন প্রকল্প ব্যবস্থাপকসহ ১৭ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্পের হিসাব সহকারী মোখলেছুর রহমান জানান, তাঁদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হচ্ছে। অন্যদিকে, প্রকল্প এলাকার পুরোনো প্রশাসনিক ভবন, আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনার অনেকটাই দীর্ঘদিনের অব্যবহারে নষ্ট হয়ে গেছে। স্থানীয় সাংবাদিক ও বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ খনিটি চালুর অপেক্ষায় রয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাটে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতো। কিন্তু দীর্ঘসূত্রতায় সেই প্রত্যাশা পূরণ হয়নি; পুরোনো অবকাঠামোও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রকল্পের কর্মচারী আবদুর রশিদ বলেন, একসময় সেখানে অফিস, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ছিল এবং প্রকল্প ঘিরে কার্যক্রম চলত। দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম মোক্তাদির তিতাস বলেন, জয়পুরহাটের খনির চুনাপাথর বিশ্বমানের। কিন্তু খনি উন্নয়নে কার্যকর উদ্যোগ না থাকায় বছরের পর বছর অধিগ্রহণ করা জমি খালি পড়ে আছে। প্রকল্পের জমি ও অবকাঠামোর বর্তমান অবস্থা নিয়ে তাই নতুন করে হিসাব করা জরুরি। কোন জমি প্রকল্পের নিয়ন্ত্রণে আছে, কোথায় কী অবকাঠামো রয়েছে, কী পরিমাণ সম্পদ ব্যবহারযোগ্য এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণে কত ব্যয় হচ্ছে—এসব তথ্য প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের দায়িত্বে থাকা জনবল ও সম্পদের ব্যবহার নিয়েও স্বচ্ছতা থাকা দরকার। সিমেন্টশিল্পে দেশীয় কাঁচামালের সম্ভাবনা বাংলাদেশের সিমেন্টশিল্পে চুনাপাথর গুরুত্বপূর্ণ কাঁচামাল। দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ কাঁচামালের উল্লেখযোগ্য অংশ আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম, জাহাজভাড়া, পরিবহন ব্যয় ও বৈদেশিক মুদ্রার বিনিময়মূল্যের পরিবর্তন উৎপাদন খরচে প্রভাব ফেলে। জয়পুরহাটের খনি চালু করা গেলে দেশীয়ভাবে চুনাপাথর সরবরাহের একটি নতুন উৎস তৈরি হতে পারে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি খনি ও সিমেন্ট কারখানাকে ঘিরে পরিবহন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, সরবরাহব্যবস্থা এবং অন্যান্য সহায়ক শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পাশাপাশি উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, দেশের সিমেন্টশিল্পে কাঁচামালের জন্য উল্লেখযোগ্য পরিমাণে আমদানির ওপর নির্ভর করতে হয়। জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা গেলে স্থানীয় শিল্পকারখানায় কাঁচামাল সরবরাহ সম্ভব হবে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে খনি চালু হলেই সিমেন্টের উৎপাদন ব্যয় কমবে, এমন নিশ্চয়তা নেই। গভীর ভূগর্ভ থেকে চুনাপাথর উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, শীতলীকরণ, নিরাপত্তা ও পরিবহনে যে ব্যয় হবে, তা আমদানি করা কাঁচামালের মোট খরচের সঙ্গে তুলনা করতে হবে। উৎপাদন ব্যয় বেশি হলে দেশীয় চুনাপাথর বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে না। তাই শুধু মজুতের পরিমাণ নয়, উত্তোলনের অর্থনৈতিক যৌক্তিকতাই হবে প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণের প্রধান বিবেচ্য। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জরুরি জয়পুরহাটের চুনাপাথর খনির ভবিষ্যৎ নির্ধারণে এখন প্রয়োজন স্বচ্ছ ও পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা। পুরোনো জরিপের তথ্য যাচাই করে খনিজ স্তরের বর্তমান অবস্থা, প্রকৃত মজুত, উত্তোলনযোগ্য অংশ, ভূগর্ভস্থ পানির চাপ, তাপমাত্রা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নতুন করে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে খনি উন্নয়নের সম্ভাবনা, প্রয়োজনীয় বিনিয়োগ, উৎপাদন ব্যয় এবং সম্ভাব্য বাজারও নির্ধারণ করা জরুরি। এ জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সমীক্ষা করা যেতে পারে। সমীক্ষার ফলাফল, বিনিয়োগের পরিমাণ, উৎপাদন ব্যয় ও প্রকল্পের লাভ-লোকসানের হিসাব জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ কিংবা সরকারি-বেসরকারি অংশীদারত্ব—যে পথেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক, তার শর্ত ও ঝুঁকি স্পষ্ট থাকতে হবে। একই সঙ্গে অতীতে বারবার প্রকল্প থেমে যাওয়ার কারণ, অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষাপট এবং দীর্ঘদিন ধরে প্রকল্পের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যয় নিয়েও সরকারি মূল্যায়ন প্রয়োজন। অর্থনৈতিকভাবে লাভজনক ও নিরাপদ উপায়ে খনি চালু করা সম্ভব না হলে সেটিও তথ্য-প্রমাণের ভিত্তিতে জানাতে হবে। আর সম্ভব হলে এত বছর ধরে প্রকল্পটি কেন বাস্তবায়িত হয়নি, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। জয়পুরহাটের চুনাপাথর প্রকল্প এখন কেবল ভূগর্ভে থাকা খনিজ সম্পদের হিসাব নয়; এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈদেশিক অর্থায়ননির্ভরতা এবং প্রকল্প ব্যবস্থাপনার সীমাবদ্ধতারও উদাহরণ। ছয় দশকের বেশি সময় ধরে সম্ভাবনার কথা বলা হলেও উৎপাদন শুরু হয়নি। নতুন সমীক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তিগত পরিকল্পনা ছাড়া এই স্থবিরতা কাটার সম্ভাবনা নেই। আর সিদ্ধান্তহীনতা চলতে থাকলে দেশের শিল্পায়নের একটি সম্ভাব্য উৎস এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আরও অনিশ্চয়তার মধ্যে থেকে যাবে।