মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি রায়টিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মিয়ানমারে আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে এনইউজি জানায়, তারা আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের পর্যবেক্ষণ এবং যেকোনো নির্দেশনা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ২০২১ সালে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব শুরু হওয়ার পর থেকে আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। জান্তার সহিংসতা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের ওপর সামরিক জান্তার চলমান নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে এনইউজি। বিবৃতিতে বলা হয়, রাখাইন, চিন, কাচিন, কারেন্নি, কারেন, শান, সাগাইং ও ম্যাগওয়েসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে। এমনকি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মঠ ও গির্জাও এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না। সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতি অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশেষ করে জান্তা বাহিনীর সামরিক সক্ষমতা বজায় রাখতে সহায়তাকারী অস্ত্র, উড়োজাহাজের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) এবং অর্থের প্রবাহ বন্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও নাগরিকত্বের প্রতিশ্রুতি রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছে এনইউজি। বিবৃতিতে সংস্থাটি জানায়, সামরিক স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের অন্যতম লক্ষ্য। এমন রাষ্ট্রব্যবস্থায় রোহিঙ্গারা ন্যায়বিচার, নাগরিকত্ব, সমতা ও মর্যাদার অধিকার ভোগ করতে পারবেন। এ সময় ২০২১ সালের ৩ জুন প্রকাশিত নিজেদের নীতিগত অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করে এনইউজি। বিবৃতিতে বলা হয়, ‘মৌলিক মানবাধিকারের নীতিমালা ও গণতান্ত্রিক ফেডারেল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী নাগরিকত্ব পাওয়ার অধিকারী।’ সব সম্প্রদায়ের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে রোহিঙ্গা ও রাখাইন নেতাদের পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংস্থাটি। বিবৃতিতে এনইউজি আর জানায়, আইসিজের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এখানেই প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নিপীড়ন ও দায়মুক্তির বিদ্যমান কাঠামো ভেঙে ফেলা প্রয়োজন।