শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভারতের আরও জোরালো কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি এবং চলমান সংঘাত ইরান, এ অঞ্চল কিংবা মানবতার কারও স্বার্থেই নয়। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ‘সাংহাই প্লাস’ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার সময় ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নয়াদিল্লির কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, তার সরকারের শুরু থেকেই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানই ইরানের নীতি। তবে যুক্তরাষ্ট্র কূটনীতির পরিবর্তে যুদ্ধ ও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া ইরান, অঞ্চল কিংবা মানবতার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিদ্যমান সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতার কোনো বিকল্প নেই। এ সময় বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের যোগাযোগকে কাজে লাগিয়ে যুদ্ধ ও রক্তপাত থেকে সরে এসে সংলাপ ও সমঝোতার পথে এগোতে উৎসাহিত করার জন্য মোদির প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে মোদি বলেন, সাম্প্রতিক কঠিন সময়ে ভারত ইরানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা করেছে। পেজেশকিয়ানকে শান্তিপ্রিয় নেতা উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি, চাবাহার বন্দর, পরিবহন ও সামুদ্রিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। শু/আজা