প্রকাশ :: ... | ... | ...

ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সৈন্যদের সংঘর্ষ, নিহত ৭


সংযুক্ত ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন এই রণতরীতে সৈন্যদের অভ্যন্তরীণ সংঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হয়। এর মধ্যেই রণতরীতে সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, দীর্ঘদিন ধরে রণতরীটি মোতায়েন থাকায় সৈন্যদের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এ ঘটনায় উদ্ভূত বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীতে যান। প্রতিবেদন অনুযায়ী, ওই উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বক্তব্য দেওয়ার সময় সৈন্যরা তাকে লক্ষ্য করে স্লোগান দেন এবং পানির বোতল ছুড়ে মারেন। পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়েও সংঘর্ষ হয়। এতে মার্কিন নৌবাহিনীর সাত সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো উত্তপ্ত ও অস্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর গত ২৬৩ দিন ধরে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মার্কিন এই বিমানবাহী রণতরী ভারত মহাসাগরে অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকরের দায়িত্বও রণতরীটি পালন করছে বলে দাবি করা হয়েছে। গত জুলাইয়ে ওমানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর আধুনিক যুগে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর টানা সবচেয়ে দীর্ঘ মোতায়েনের অংশ হিসেবে সমুদ্রে টানা ২০৮ দিন কাটিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। শু/আজা