উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের নতুন হামলার পর যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মতে, চুক্তিটি শেষ হয়ে গেছে। আমি তাদের সঙ্গে আর কোনো আলোচনা করতে চাই না। খবর : রয়টার্স তিনি আরও বলেন, তারা নিকৃষ্ট মানুষ। অসুস্থ মানসিকতার মানুষেরাই তাদের নেতৃত্ব দিচ্ছে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। এদিকে, ইরানের নতুন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, মার্কিন বাহিনীর ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাও ঘটে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। ওই সমঝোতাকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছিল। তবে সর্বশেষ হামলা-পাল্টা হামলার ঘটনায় সেই প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে ইরানকে ঘিরে বর্তমান যুদ্ধের সূচনা হয়।