যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির অভিযোগ, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নৌ চলাচলের নীতিমালা লঙ্ঘন করেছে। রোববার (১২ জুলাই) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী। এসব হামলার ফলে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচল হুমকির মুখে পড়েছে। সৌদি আরব জানায়, সর্বশেষ হামলায় দেশটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা না হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। এদিকে, হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনায় জাহাজে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ভারতও ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। শু/আজা