প্রকাশ :: ... | ... | ...

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে সংযমের আহ্বান সৌদি যুবরাজের


সংযুক্ত ছবি

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। রোববার (২ আগস্ট) দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তাদের প্রয়োজনে দ্রুত দেশ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, সৌদি আরব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়েছে। আরেকটি সূত্রের দাবি, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে সামরিক হামলা থেকে বিরত থেকে উত্তেজনা প্রশমনের চেষ্টা করার আহ্বান জানিয়েছেন। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব ইরান ‘সুনির্দিষ্ট ও যথাযথভাবে’ দেবে। হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এসব দূতাবাসে থাকা মার্কিন নাগরিকদের অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেবে। তিনি অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সূত্র: আনাদোলু শু/আজা