প্রকাশ :: ... | ... | ...

ইরান যুদ্ধে নিহত ১৮, আহত ৬২৪ মার্কিন সেনা: পেন্টাগন


সংযুক্ত ছবি

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং অন্তত ৬২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। গত ২৫ জুলাই প্রকাশিত এক হালনাগাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনের তথ্যানুযায়ী, নিহত ১৮ সেনার মধ্যে ১৪ জন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে প্রাণ হারিয়েছেন। বাকি চারজন গত ৭ জুলাই থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪১৭ জন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে আহত হন। পরবর্তী সময়ে ৭ জুলাইয়ের পর নতুন করে শুরু হওয়া সংঘাতে আরও ২০৭ জন আহত হয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রায় ৪০ দিন অভিযান চালানোর পর ৮ এপ্রিল উভয় দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। পরে ৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আনুষ্ঠানিকভাবে এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তবে যুদ্ধবিরতির পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখে এবং ইরানও হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেনি। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি অনুযায়ী, উভয় দেশ ৬০ দিন একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা থেকে বিরত থাকার অঙ্গীকার করে। তবে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে একটি আমিরাতি ট্যাংকারে ড্রোন হামলার পর গত ৭ জুলাই আবারও সংঘাত শুরু হয়। এরপর টানা ১৩ রাত উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলে। সবশেষ গত ২৫ জুলাই থেকে উভয় দেশ নতুন করে হামলা বন্ধ রেখেছে বলে জানিয়েছে পেন্টাগন। সূত্র: বিবিসি শু/আজা