ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তবে তুরস্ক সেই ফাঁদে পা দেবে না। শনিবার (১১ জুলাই) দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ তিনি দেখেন না। তাঁর ভাষায়, ইসরায়েলে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, তখনই সরকার ও বিরোধী দলের কিছু রাজনীতিকের কাছ থেকে এ ধরনের হুমকিমূলক বক্তব্য শোনা যায়। হাকান ফিদান বলেন, ইসরায়েলের সব রাজনীতিক এমন নন। এখনো সেখানে অনেক বিচক্ষণ ও দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, যারা নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের মতো অবস্থান নেন না। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের একটি শত্রুর প্রয়োজন হয়। আগে তারা হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িত ছিল। এখন রাজনৈতিক কারণে তুরস্ককে নতুন শত্রু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রেক্ষাপটে হাকান ফিদানের এ বক্তব্য সামনে এসেছে। সূত্র: দ্য ন্যাশনাল। শু/আজা