ব্রাজিলের নারী ফুটবল তারকা ক্যাথলিন সৌজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এবং দলটির অধিনায়কত্ব করছেন। ক্লাবের পক্ষ থেকে আজ এক টুইট বার্তায় তার ধর্ম স্থানান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
আল নাসর তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সৌজার জীবনের বিশেষ মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করছি। আমরা প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাঁকে স্থির বিশ্বাস দিন এবং হৃদয় শান্তি ও স্নিগ্ধতায় পূর্ণ করুন।’
ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক এই ফুটবলার আবেগের এক গভীর মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি উন্নত সংস্করণ গ্রহণ করতে চেয়েছিলাম।’

ক্যাথলিন একজন সেন্টার ব্যাক, যিনি সৌদি নারী প্রিমিয়ার লিগের আল-নাসর ক্লাবের অধিনায়ক এবং ব্রাজিল জাতীয় দলের সদস্য। তিনি বেইক্সাদা সান্তিস্টায় বড় হয়েছেন। ছোটবেলায় ফুতসালে শুরু করেন, পরে মার্কিন কলেজ সিস্টেমে সুযোগ পান মোনরো কলেজ, লুইসভিল কার্ডিনালস এবং ইউসিএফ নাইটসের সঙ্গে খেলেছেন।
পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরঁডিনস দ্য বোর্দোতে, পরে খেলেছেন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদে। ২০২৪ সালে যোগ দেন আল-নাসর ক্লাবে এবং বর্তমানে সেই ক্লাবের হয়ে খেলছেন।
ব্রাজিল সিনিয়র দলের হয়ে তাঁর অভিষেক ২০১৮ সালে। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে নিয়মিত স্টার্টার হন। বিশেষ করে রাউন্ড অফ ১৬-এ ফ্রান্সের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। সেই ম্যাচে তিনি ছিলেন মাঠের সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান।