যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে অবগত দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ে বিতর্কের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগ এবং চীনে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণের প্রশ্নে লুটনিকের ভূমিকা নিয়ে সমালোচনার জেরে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর কথিত পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে লুটনিক মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছেন। তাঁদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর যথাযথ নজরদারি হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন আইনপ্রণেতাদের একাংশের অভিযোগ, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি লুটনিক। তাঁদের আশঙ্কা, উন্নত প্রযুক্তির এসব চিপ চীনের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হতে পারে। লুটনিকের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসে আলোচনার খবর প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, বাণিজ্যমন্ত্রী এবং দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। এদিকে বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মার্কিন সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে তিনি বলেন, ‘আমি এখনো জানি না।’ তবে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদের পক্ষে নিজের অবস্থান জানান কেনেডি। তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার একটি পরিকল্পনা কংগ্রেসের আছে। এটি অত্যন্ত গুরুতর বিষয়।’ রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে বাণিজ্য কালো তালিকায় অন্তর্ভুক্ত করেনি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ বিরতি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় মার্কিন বাণিজ্য বিভাগ নতুন কোনো চীনা কোম্পানিকে ওই তালিকায় যুক্ত করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। তিনি বলেন, ‘আমাদের উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী না করে, তা নিশ্চিত করতে তাঁদের এখনই পদক্ষেপ নিতে হবে।’ সূত্রের বরাতে জানা গেছে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী চেয়ারম্যান, ডেলাওয়্যার থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে যৌথভাবে চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা এনভিডিয়ার চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশাসনের কাছে থাকা সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট যোগাযোগের তথ্যও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। সূত্র: রয়টার্স