প্রকাশ :: ... | ... | ...

কলকাতা ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ আদায়ে সাময়িক বন্ধ ঘোষণা


সংযুক্ত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরসংলগ্ন ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে’ আপাতত নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত মসজিদে নামাজ অনুষ্ঠিত হলেও শনিবার (১১ জুলাই) থেকে মুসল্লিদের প্রবেশের প্রধান ফটক, বিমানবন্দরের ৮ নম্বর গেট, বন্ধ করে দেওয়া হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জমিরউদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মসজিদটি স্থানান্তরের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং বিকল্প হিসেবে আরও প্রশস্ত জায়গা দেওয়ার প্রস্তাবও ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি অনুযায়ী রানওয়ে থেকে কোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া প্রয়োজন। কিন্তু ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’ রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। এছাড়া এটি বিমানবন্দরের নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে পড়েছে, যা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর তত্ত্বাবধানে রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই মসজিদটি স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মসজিদটি ১৮৯০ সালে ‘গৌরীপুর জামে মসজিদ’ নামে প্রতিষ্ঠিত হয়, যা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রায় ৩৪ বছর আগের। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’ রাখা হয়। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। ঘটনাটি নিয়ে উত্তেজনা এড়াতে সংযমের আহ্বান জানিয়েছেন ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক হলেও কেউ যেন রাস্তায় নেমে উত্তেজনা সৃষ্টি না করেন। আলোচনার মাধ্যমে সমাধান এবং মসজিদে পুনরায় নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ, মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলামায়ে হিন্দসহ বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শু/আজা