প্রকাশ :: ... | ... | ...

কাড়াকাড়ির পর চড়া দামে ভিন্ন দলে রিশাদ


সংযুক্ত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সে মৌসুমে তিনি শিকার করেন ১৩ উইকেট। তবে এবার নিলামের আগে তাকে ধরে রাখেনি লাহোর। তবুও নিলামে তাকে ঘিরে দেখা যায় তীব্র প্রতিযোগিতা। নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি থাকা রিশাদকে শেষ পর্যন্ত ৩ কোটি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। করাচি কিংসের সঙ্গে লড়াই করে রাওয়ালপিন্ডিই রিশাদকে দলে ভেড়াতে সক্ষম হয়। জিও সুপারের তথ্য অনুযায়ী, পিএসএলের এবারের নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ জন দেশি ও বিদেশি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে—প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং। আটটি ফ্র্যাঞ্চাইজি এই পাঁচ ক্যাটাগরি থেকে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করবে। একটি দলের সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। পিএসএলে স্কোয়াড সাইজ ন্যূনতম ১৬ এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়ের। ১৬ জনের স্কোয়াডে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে। ১৭–১৮ জনের স্কোয়াডে সর্বোচ্চ ৬ জন বিদেশি এবং ১৯–২০ জনের স্কোয়াডেও সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে। এদিকে নিলামের অন্য দলবদলের মধ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১ কোটি ২৫ লাখ রুপিতে ফয়সাল আকরামকে দলে নিয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড ১ কোটি ২০ লাখ রুপিতে মেহরান মুমতাজকে, নবাগত দল সিয়ালকোট স্ট্যালিয়নস ৫ কোটি ৭০ লাখ রুপিতে সাহিবজাদা ফারহানকে এবং করাচি কিংস ৩ কোটি ২৫ লাখ রুপিতে আজম খানকে দলে ভিড়িয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডি ৮ কোটি ৬৫ লাখ রুপিতে নাসিম শাহকে এবং লাহোর কালান্দার্স ৭ কোটি ৬০ লাখ রুপিতে হারিস রউফকে দলে নিয়েছে।