প্রকাশ :: ... | ... | ...

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ


সংযুক্ত ছবি

ছবি : সংগৃহীত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ০১ বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটসের শেষ যাত্রা হলো সাগরের তলদেশে। জাহাজটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। এখন এটি কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ। সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরির পাশাপাশি জায়গাটি ডুবোজাহাজ দেখতে যাওয়া পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি বুধবার ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের ভেতরের বিভিন্ন অংশ সরিয়ে ফাঁপা করা হয়েছিল, যাতে এটি সাগরের তলদেশে স্থায়ীভাবে অবস্থান করতে পারে। জাহাজ ডুবিয়ে দেওয়ার এ প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। প্রায় পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়। এখন এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হতে যাচ্ছে। জায়গাটি জনপ্রিয় ডাইভিং গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। কেমন ছিল এসএস ইউনাইটেড স্টেটস ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার) দীর্ঘ টাইটানিকের চেয়েও বড় ছিল এসএস ইউনাইটেড স্টেটস। গতি, শক্তি ও বিলাসবহুল ব্যবস্থার জন্য জাহাজটি পরিচিত ছিল। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এটি। প্রথম সমুদ্রযাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতি রেকর্ড গড়ে জাহাজটি। মাত্র তিন দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল এটি। এ সময় জাহাজটির গড় গতি ছিল ঘণ্টায় ৩৫ দশমিক ৫৯ নট, অর্থাৎ প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী কোনো জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি। ১৭ বছর ধরে চলাচলের সময় জাহাজটিতে হাজারো যাত্রী ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ার। হলিউডের তারকাদেরও পদচারণ ছিল জাহাজটিতে। তাঁদের মধ্যে ছিলেন মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মারলন ব্র্যান্ডো। এ ছাড়া পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি এবং জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটনও এই জাহাজে ভ্রমণ করেছেন। তবে আকাশপথে যাতায়াতের প্রসার ঘটলে ১৯৬৯ সালে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি দীর্ঘদিন ধরে জাহাজটি আর চলাচল করছিল না। বিভিন্ন মালিক সেটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জাহাজটি ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করা অবস্থায় ছিল। সময়ের সঙ্গে এর রক্ষণাবেক্ষণের খরচও বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দরের কর্তৃপক্ষ জাহাজটির দৈনিক নোঙর খরচ বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। এরপর ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা। কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি ডুবিয়ে দেওয়ার আগে প্রায় এক বছর ধরে পরিবেশের জন্য নিরাপদ করার কাজ চলে। এ কাজে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টি। কাউন্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য উপকারী, ক্ষতিকর নয়। এগুলো এমন আবাসস্থল তৈরি করে, যা আগে ছিল না। এর ফলে বৈচিত্র্যময় পরিবেশ গড়ে ওঠে। সামুদ্রিক প্রাণী, মাছ ধরার শিল্প এবং পর্যটন—সব ক্ষেত্রেই তা উপকার বয়ে আনে।’ বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে উঠলে সেখানে ডুবোজাহাজ দেখতে আসা পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে ফ্লোরিডায় পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে। কেন জাহাজ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সমুদ্র ও মহাসাগরের তলদেশে প্রায় ৩০ লাখ জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। এসব ধ্বংসাবশেষের অনেকটিই সময়ের সঙ্গে সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। প্রবাল, ঈল মাছ ও স্ন্যাপার মাছের মতো প্রাণী এসব জায়গায় আশ্রয় নেয়। কিছু জাহাজ দুর্ঘটনায় ডুবে গেলেও কিছু জাহাজ পরিকল্পিতভাবে ডুবিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা এবং মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে আকৃষ্ট করা। তবে এভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। জাহাজের রং, বৈদ্যুতিক তার, জ্বালানি এবং পরিবেশের জন্য ক্ষতিকর অন্যান্য উপাদান সরিয়ে ফেলতে হয়। তা না হলে এসব উপাদান সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে। একসময় ডুবে যাওয়া জাহাজের মূল কাঠামো আর চেনার উপায় থাকে না। মাছ, বার্নাকল ও ক্রাস্টেশিয়ানসহ নানা ধরনের সামুদ্রিক প্রাণী তখন জাহাজটিকে নিজেদের আবাসস্থল হিসেবে ব্যবহার করে। জাহাজ ছাড়াও যেসব বস্তু দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি হয় অব্যবহৃত জাহাজ ছাড়াও তেল ও গ্যাস উত্তোলনের স্থাপনা, বেতার টাওয়ার এবং মালবাহী ট্রেনের বগি ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছে। এসব স্থাপনায় মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বসবাসের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ১৯৮৪ সালে ‘রিগস টু রিফস’ নামে একটি কর্মসূচি শুরু হয়। এর আওতায় দেশটির বাইরের মহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন স্থাপনা কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে কাঠের ঘর, ফ্রিজ, বাজারের ট্রলি এবং নিউইয়র্ক শহরের অব্যবহৃত পাতালরেলের বগিও ব্যবহার করা হয়েছে। গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলে একটি বায়ুবিদ্যুৎ টারবাইনের ভিত্তির চারপাশে বিশ্বের অন্যতম বড় কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। এতে বিশেষভাবে তৈরি ৭৫ হাজার কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ঘনক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘনকের মাঝখানে একটি কক্ষ রয়েছে। বাইরের অংশ মৌচাকের মতো নকশায় তৈরি। সামুদ্রিক প্রাণীদের আবাস গড়ে উঠতে সহায়তা করার জন্য এ নকশা করা হয়েছে। ঘনকগুলো বায়ুবিদ্যুৎকেন্দ্রের স্থাপনাটিকে ক্ষয় থেকে রক্ষা করার জন্যও তৈরি করা হয়েছে। এগুলো সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শক্তির বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করে। ফলে স্থাপনার গোড়ার মাটি ক্ষয়ে যাওয়ার আশঙ্কা কমে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরেটন বে মেরিন পার্কে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করে। এতে কংক্রিটের ব্লক ব্যবহার করা হয়। সরকারি কর্মসূচির আওতায় দেশটির প্রথম কৃত্রিম প্রবালপ্রাচীরের সম্প্রসারণ করা হয়েছিল ২০০৮ সালে। ১৯৭৫ সালে পুরোনো গাড়ির টায়ার দিয়ে তৈরি হ্যারি অ্যাটকিসন কৃত্রিম প্রবালপ্রাচীরে গ্রানাইট পাথর ফেলে নতুন আবাসস্থল তৈরি করা হয়। এতে ছোট মাছের বসবাসের সুযোগ তৈরি হয়। ২০১১ সালে ফাঁপা কংক্রিট দিয়ে তৈরি ‘রিফ বল’ ব্যবহার করে ইস্ট কুচি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়। একই বছর স্টিলের তৈরি বিশেষ কাঠামো ‘ফিশ কেইভ’ বসিয়ে ওয়াইল্ড ব্যাংকস কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। বিভিন্ন প্রজাতির মাছকে আকৃষ্ট করার জন্য এসব কাঠামো ব্যবহার করা হয়। ২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও তৈরি করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো চাঙ্গা কংক্রিটের তৈরি ঘনক, যার ভেতরে আড়াআড়ি একটি কাঠামো রয়েছে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় নর্থ মোরেটন কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। সেখানেও ফিশ বক্স ব্যবহার করা হয়েছিল। একই বছর টার্নার কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে কংক্রিটের বিভিন্ন কাঠামো বসানো হয়। এর আগে ২০১০ সালে রিফ বল ব্যবহার করে ওয়েস্ট পিল কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছিল। এ ছাড়া ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অব্যবহৃত মাইনসুইপার বা সমুদ্রের মাইন অপসারণকারী ছোট যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে ডুবিয়ে দেয়। এর মাধ্যমে সেখানে একটি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন