গত জুলাইয়ে দিল্লির যন্তর মন্তরে জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভস্থলে ছড়িয়ে পড়েছিল উল্লাস। খবর এসেছিল, বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তখন এক বিক্ষোভকারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘এটি তরুণ প্রজন্মের বিজয়।’ কিন্তু তিন মাসের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন বিক্ষোভের জন্য শিক্ষার্থীদের একত্র করাই কঠিন হয়ে পড়েছে। আন্দোলনে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার ও নানা বিধিনিষেধের মুখে পড়ছেন তরুণেরা। ভোটাধিকার নিয়ে গত মাসে জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি-সিজেপি’ বিক্ষোভের ডাক দিলে শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানিয়েছে বিবিসি। গ্রীষ্মে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল তরুণদের নেতৃত্বে ভিন্নমতের এক নতুন ঢেউ। দীর্ঘদিনের হতাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার আকাঙ্ক্ষা আন্দোলনটিকে গতি দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো শক্তিশালী রাজনৈতিক ভাবমূর্তির অধিকারী নেতাকেও পরিস্থিতি সামাল দিতে চাপে পড়তে হয়েছিল। কিন্তু এখন সরকারের অবস্থান অনেক কঠোর বলে অভিযোগ আন্দোলনকারীদের। জননিরাপত্তার যুক্তিতে বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ, ধরপাকড় এবং অনলাইনে ভিন্নমত প্রকাশকারীদের হয়রানির অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের ধারণা, গ্রীষ্মের বিক্ষোভে বিরল ছাড় দিতে বাধ্য হওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে সরকার। তবে কঠোরতা আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম। বিবিসিকে তিনি বলেন, প্রতিবাদ করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত। তবে তা আইনের আওতায় থেকেই প্রয়োগ করতে হবে। অন্যের অধিকার ক্ষুণ্ন করে কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করে এই অধিকার প্রয়োগ করা যায় না। আন্দোলনের বিস্তৃতি ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোদি সরকার এর আগেও বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছে। তবে এবারের আন্দোলনের সামাজিক বিস্তৃতি বিজেপির জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক সভাপতি ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক যামিনী আয়ার। তাঁর মতে, এই আন্দোলনকে জাতপাত, লিঙ্গ কিংবা অর্থনৈতিক শ্রেণির নির্দিষ্ট কোনো পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না। বিজেপির সমর্থকগোষ্ঠীর কিছু অংশ—বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যেও আন্দোলনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের ব্যাপক উপস্থিতি আন্দোলনটির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনলাইনে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ব্যঙ্গ-বিদ্রূপ করে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের অলিখিত নিষেধাজ্ঞাও ভেঙেছেন বিক্ষোভকারীরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত বিক্ষোভকারী সাখির মতে, বিষয়টি শুধু হাসি-ঠাট্টার নয়। তাঁর ভাষায়, আগের প্রজন্মের মানুষ প্রতিক্রিয়া জানাতে যে ভয় পেতেন, তাঁদের প্রজন্মের মধ্যে সেই ভয় নেই। কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা হয়ে উঠেছে কৌতুক। যামিনী আয়ারের মতে, অতীতের আন্দোলনগুলোও মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবে সেগুলোকে সমাজের সীমিত অংশের মানুষের আন্দোলন হিসেবে উপস্থাপন করা কিংবা ‘জাতীয়তাবিরোধী’ আখ্যা দিয়ে খারিজ করা তুলনামূলক সহজ ছিল। ২০২০ সালে বিতর্কিত কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে কৃষকদের দীর্ঘ আন্দোলন এর উদাহরণ। দিল্লির প্রবেশপথ অবরোধ করে কয়েক মাস ধরে রাজধানীর সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছিলেন কৃষকেরা। আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রায় এক বছর ধরে চলা বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সংস্কার আইন বাতিল করতে বাধ্য হয় সরকার। ২০১৯ ও ২০২০ সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। ওই আন্দোলনের সময় দিল্লিতে সংঘর্ষে ৫৩ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন মুসলিম। শিক্ষার্থী অধিকারকর্মী উমর খালিদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ‘প্রধান ষড়যন্ত্রকারী’ হিসেবে তাঁকে অভিযুক্ত করা হয়। খালিদের বিচার এখনো শুরু হয়নি। ছয় বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। চলতি মাসে তাঁর সর্বশেষ আপিল দায়ের করা হয়েছে। তাঁর সহযোদ্ধা বনজ্যোৎস্না লাহিড়ী বিবিসিকে বলেন, আন্দোলন নিয়ে তাঁদের কোনো অনুশোচনা নেই। তবে এ পরিস্থিতি তাঁদের মধ্যে যে ভীতি তৈরি করেছে, তা এখনো কাটেনি। তাঁর ভাষায়, তাঁরা যেন এক অন্ধকার অসীম শূন্যতার দিকে তাকিয়ে আছেন, যার শেষ কোথায় তা জানা নেই। বিক্ষোভের গতি কমেছে, বেড়েছে ধরপাকড় যামিনী আয়ারের ধারণা, বিক্ষোভকে ‘অবৈধ’ বা ‘অগ্রহণযোগ্য’ প্রমাণ করতে সরকার বিরোধীদের বিরুদ্ধে পরিচিত কৌশল ব্যবহার করছে। তবে আগের মতো সেই প্রচারণা আর বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না বলে মনে করেন তিনি। তা সত্ত্বেও গ্রীষ্মের মতো গতি ধরে রাখতে পারছে না তরুণদের আন্দোলন। সিজেপির মুখপাত্র সৌরভ দাসসহ সংগঠনটির শীর্ষ নেতাদের বারবার আটক করা হচ্ছে। সৌরভ দাস ও আশুতোষ রানকাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে কয়েক দিন দিল্লির তিহার কারাগারে থাকতে হয়েছে। গ্রীষ্মে জেন-জিদের বিজয়ের প্রতীক হয়ে ওঠা যন্তর মন্তরকে সরকার অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আদালতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয়েছে। শুধু সিজেপি নয়, বামপন্থী অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের বিক্ষোভকারীরাও পুলিশের ধরপাকড়ের মুখে পড়ছেন। সৌরভ দাস বলেন, তাঁরা এ ধরনের দমন-পীড়নের আশঙ্কা করেছিলেন। কারণ, গ্রীষ্মের আন্দোলনের পর সরকার অনেক কিছু শিখেছে। আইন বিশেষজ্ঞদের মতে, আইনি প্রক্রিয়াকেও বিক্ষোভকারীদের মধ্যে ভীতি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। লয়েড ল’ কলেজের সহকারী অধ্যাপক আলী খানের ভাষ্য, অনেক মামলায় শেষ পর্যন্ত আসামিরা খালাস পেতে পারেন। কিন্তু বিচারপ্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর লেগে যেতে পারে। ফলে বিচারপ্রক্রিয়াটিই একধরনের শাস্তিতে পরিণত হতে পারে, যা অন্য বিক্ষোভকারীদের নিরুৎসাহিত করবে। সিজেপির আইনি পরামর্শদাতা ও সংবিধানবিষয়ক আইনজীবী বৃন্দা গ্রোভার মনে করেন, বিক্ষোভের ওপর আরোপিত বিধিনিষেধ মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আন্দোলনকারীরা বারবার তাঁদের কর্মসূচি অহিংস বলে উল্লেখ করছেন। অথচ আইনশৃঙ্খলার অজুহাতে মানুষের অধিকার ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। বিজেপি অবশ্য শান্তিপূর্ণ ভিন্নমত দমনের অভিযোগ অস্বীকার করছে। দলটির মুখপাত্র সৈয়দ জাফর ইসলামের বক্তব্য, মুষ্টিমেয় কিছু মানুষ বিক্ষোভের কথা বলে অন্য নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করতে কিংবা সংঘাত সৃষ্টি করতে পারেন না। অনলাইনেও নিরাপত্তাহীনতায় আন্দোলনকারীরা শুধু রাজপথেই নয়, অনলাইনেও নিরাপদ বোধ করছেন না আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাখির ছড়িয়ে পড়া পোস্টের কারণে তাঁকে ব্যক্তিগত আক্রমণ এবং তাঁর ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে কটূক্তির শিকার হতে হয়েছে। বিবিসি এমন কিছু পোস্ট দেখেছে, যেখানে তাঁকে হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির কারণে কখনো কখনো বিক্ষোভে যাওয়া থেকে বিরত থাকছেন সাখি। এমনকি নিরাপত্তার কথা বিবেচনা করে পোশাকের ধরনও পরিবর্তন করতে হয়েছে তাঁকে। সাখির অভিযোগ, মানুষকে হাসানোর চেষ্টা করতে গিয়ে তাঁকে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া হচ্ছে। তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলাই এসব আক্রমণের উদ্দেশ্য। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখবার দেখা হয়েছে এমন কিছু কনটেন্টও পরে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার সঙ্গে তুলনা সরকারের দমন-পীড়নের অভিযোগ তুলে সিজেপির নেতারা বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৭৫ সালের জরুরি অবস্থার তুলনা করছেন। সে সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে নাগরিক স্বাধীনতা স্থগিত করেছিলেন এবং রাজনৈতিক বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন। তবে ভারতে ভিন্নমতের রাজনীতি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়নি। জেন-জি আন্দোলনের গতি কমে আসার পর বিরোধী দলগুলো সেই শূন্যস্থান আংশিকভাবে পূরণের চেষ্টা করছে। গত ১ নভেম্বর দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ সমাবেশের আয়োজন করে। এতে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। তবে সিজেপির নেতারা বলছেন, তাঁদের আন্দোলনের পরিধি কেবল সংগঠনটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বৃহত্তর তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও ক্ষোভের প্রকাশ। গত ২১ অক্টোবর দিল্লির তিহার কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় সৌরভ দাসের মুখে হাসি ছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর সেই ছবি আলোচনায় আসে। আন্দোলনের গতি কমে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। সময় আমাদের পক্ষেই আছে। আমরা খুব তরুণ একটি প্রজন্ম।’ গ্রীষ্মের বিক্ষোভে অর্জিত সাফল্য ধরে রাখা এবং কঠোরতর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন ভারতের জেন-জিদের সামনে। তাঁদের আন্দোলন নতুন করে গতি পাবে, নাকি ধরপাকড় ও বিধিনিষেধের চাপে আরও স্তিমিত হবে—তা নির্ভর করছে আগামী দিনগুলোর রাজনৈতিক পরিস্থিতির ওপর।