পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশের ধারণা; ইসলামাবাদের জন্য পৃথক স্বশাসনব্যবস্থার প্রস্তাব পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠন করা হতে পারে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়া কিংবা নিজস্ব আইন প্রণয়নকারী পরিষদ ও স্বশাসনব্যবস্থার আওতায় আনার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ১৪টি প্রদেশ গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত প্রদেশগুলোর নাম, সীমানা কিংবা প্রশাসনিক কাঠামোও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নিজেও বলেছেন, তিনি ১৪ প্রদেশের একটি পরিকল্পনার কথা শুনেছেন। এ বিষয়ে আলোচনা পর্যালোচনার জন্য কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিলেও এখন পর্যন্ত অগ্রগতি হয়নি। ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন। নতুন প্রদেশ গঠনের বিতর্ক পর্যালোচনায় একটি কমিটি গঠনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। কেন নতুন প্রদেশের আলোচনা পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা অবশ্য একেবারে নতুন নয়। দেশটির চারটি প্রদেশের আয়তন, জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিশেষ করে বড় প্রদেশগুলোতে প্রশাসনিক ক্ষমতা ও উন্নয়ন-সিদ্ধান্ত রাজধানীকেন্দ্রিক হয়ে পড়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যাপ্ত সেবা ও সুযোগ পাচ্ছেন না—এমন অভিযোগ রয়েছে। পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আগেও ১২ থেকে ১৫টি নতুন প্রদেশ গঠনের সম্ভাবনার কথা বলেছেন। তাঁর যুক্তি, বর্তমান প্রশাসনিক কাঠামো দিয়ে দেশের বিপুল জনসংখ্যার স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। ২০১০ সালে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে কেন্দ্র থেকে প্রদেশে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলেও প্রদেশগুলো নিজেদের অধীন প্রশাসনিক স্তরে যথেষ্ট ক্ষমতা ও দায়িত্ব দেয়নি বলে তাঁর অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের পক্ষে আলোচনা তুলেছেন। তাঁর বক্তব্য, ছোট প্রশাসনিক ইউনিট গঠন করলে স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং এলাকার মানুষ নিজেদের উন্নয়ন ও প্রশাসনের বিষয়ে বেশি দায়িত্ব নিতে পারবেন। তবে নতুন প্রদেশ গঠনই যে প্রশাসনিক সমস্যার একমাত্র সমাধান, তা মনে করছেন না সবাই। সাবেক অর্থমন্ত্রী ও অর্থনীতিবিদ মিফতাহ ইসমাইলের মতে, ছোট প্রদেশ গঠনের পাশাপাশি স্থানীয় সরকারকে কার্যকর ও ক্ষমতাবান করা জরুরি। অন্যথায় একটি বড় প্রদেশের পরিবর্তে কয়েকটি ছোট প্রদেশ তৈরি হলেও ক্ষমতা প্রাদেশিক রাজধানীতেই কেন্দ্রীভূত থাকতে পারে। ইসলামাবাদের জন্য আলাদা প্রশাসনিক কাঠামো রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। আহসান ইকবাল জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবিত মডেলে ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বশাসনব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বর্তমানে রাজধানীসংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। পাকিস্তানের জাতীয় সংসদ জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত। আহসান ইকবালের ভাষ্য অনুযায়ী, ইসলামাবাদের জন্য একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এর মধ্যে সাধারণ আসন থাকবে ২১টি, নারীদের জন্য সংরক্ষিত আসন তিনটি এবং সংখ্যালঘুদের জন্য একটি। পরবর্তী সময়ে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের সরকারও চালু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা ইসলামাবাদের সীমানায় যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামাবাদ পৃথক প্রদেশের মর্যাদা পেতে পারে। তবে রাজধানীকে প্রদেশে রূপান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সীমানা নির্ধারণ হয়নি। সিনেট নির্বাচন ঘিরে সময়ের চাপ নতুন প্রদেশ গঠনের বিষয়টি ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করেন আহসান ইকবাল। পাকিস্তানের ৯৬ সদস্যের সিনেটে বর্তমানে চারটি প্রদেশ সমানসংখ্যক প্রতিনিধি পাঠায়। ফলে নতুন প্রদেশ গঠিত হলে উচ্চকক্ষে প্রতিনিধিত্বের কাঠামো কীভাবে সাজানো হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আহসান ইকবালের আশঙ্কা, সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে সেগুলো নিজেদের জনসংখ্যা ও রাজনৈতিক গুরুত্বের তুলনায় কম প্রতিনিধিত্ব পাওয়ার অভিযোগ তুলতে পারে। তাঁর মতে, এ ধরনের বিরোধ পরবর্তী ছয় বছর পর্যন্ত চলতে পারে। তবে নতুন প্রদেশ গঠনের ক্ষেত্রে সিনেটের প্রতিনিধিত্বই একমাত্র জটিলতা নয়। অর্থ বণ্টন, পানি, প্রাকৃতিক সম্পদ, সরকারি চাকরি, প্রশাসনিক ব্যয় এবং নতুন প্রদেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা নিয়েও সমঝোতা প্রয়োজন হবে। সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় পাকিস্তানের সংবিধানে বর্তমানে চারটি প্রদেশের স্বীকৃতি রয়েছে। নতুন প্রদেশ গঠন কিংবা বিদ্যমান প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পরিষদ ও সিনেট—উভয় কক্ষে মোট সদস্যসংখ্যার দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। জাতীয় পরিষদের ৩৩৬ সদস্যের মধ্যে অন্তত ২২৪ জন এবং ৯৬ সদস্যের সিনেটে অন্তত ৬৪ জনের সমর্থন পেতে হবে। কোনো প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের মোট সদস্যসংখ্যার দুই-তৃতীয়াংশের অনুমোদনও বাধ্যতামূলক। উদাহরণ হিসেবে পাঞ্জাবের ৩৭১ সদস্যের প্রাদেশিক পরিষদে অন্তত ২৪৮ জন এবং সিন্ধুর ১৬৮ সদস্যের পরিষদে অন্তত ১১২ জনের সমর্থন প্রয়োজন হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইলেই একক সিদ্ধান্তে প্রদেশ ভাগ করতে পারবে না। সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের সমর্থন এবং জাতীয় সংসদের সাংবিধানিক প্রক্রিয়া অতিক্রম করতে হবে। এ কারণে রাজনৈতিক ঐকমত্য ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন কঠিন। পাকিস্তানে এর আগেও নতুন প্রদেশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১২ সালের মে মাসে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ দক্ষিণ পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠন এবং বাহাওয়ালপুরের পৃথক মর্যাদা পুনর্বহালের পক্ষে প্রস্তাব গ্রহণ করে। ২০১৩ সালের মার্চে সিনেটেও বাহাওয়ালপুর ও দক্ষিণ পাঞ্জাব নিয়ে নতুন প্রদেশ গঠনের একটি সাংবিধানিক সংশোধনী বিল পাস হয়েছিল। তবে জাতীয় পরিষদে বিলটি উত্থাপিত না হওয়ায় সংসদের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি কার্যকারিতা হারায়। সিন্ধুতে বিরোধ, রাজনৈতিক ঐকমত্যের প্রশ্ন নতুন প্রদেশ গঠনের পরিকল্পনায় সবচেয়ে বড় রাজনৈতিক বাধাগুলোর একটি হতে পারে সিন্ধু। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধুতে ক্ষমতাসীন এবং দলটি প্রদেশ বিভক্ত করার বিরোধিতা করে আসছে। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রদেশ ভাগ বা নতুন প্রশাসনিক ইউনিট গঠনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাস হয়। সিন্ধুর স্থানীয় সরকারমন্ত্রী ও পিপিপির নেতা সৈয়দ নাসির হুসেইন শাহ নতুন প্রদেশ গঠনের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, নতুন প্রদেশ হলে অতিরিক্ত প্রাদেশিক পরিষদ, সচিবালয়, মুখ্যমন্ত্রী ও গভর্নরের কার্যালয় এবং আদালত পরিচালনায় বিপুল অর্থ প্রয়োজন হবে। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ব্যয় বহন করা কঠিন হতে পারে। অন্যদিকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) করাচির জন্য পৃথক প্রশাসনিক ইউনিট বা প্রাদেশিক সরকারের দাবি তুলেছে। দলটির নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামালের মতে, প্রাদেশিক সরকারগুলো কেন্দ্র থেকে পাওয়া ক্ষমতা ও সম্পদ স্থানীয় পর্যায়ে যথাযথভাবে বণ্টন করেনি। ফলে করাচির মতো বড় শহরের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো প্রয়োজন। ক্ষমতাসীন জোটের প্রধান দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। দলটির নেতারা জানিয়েছেন, প্রস্তাবটি সংসদে এলে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী অবস্থান নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও বলেছেন, জোটের অংশীদারদের সম্মতি ছাড়া এ ধরনের পরিবর্তন করা হবে না। নতুন প্রদেশে ব্যয় ও সম্পদ বণ্টনের জটিলতা নতুন প্রদেশ গঠনের পক্ষে যুক্তি হলো, প্রশাসনিক ইউনিট ছোট হলে সরকার নাগরিকদের কাছাকাছি পৌঁছাতে পারবে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগও বাড়তে পারে। কিন্তু এর বিপরীতে নতুন প্রাদেশিক সরকার, পরিষদ, সচিবালয়, পুলিশ, আদালত ও অন্যান্য দপ্তর গঠনে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব মার্কেট ইকোনমি (প্রাইম) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান অক্টোবরে হিসাব করে জানিয়েছে, পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করলে বছরে অতিরিক্ত ৪৬৯০ কোটি থেকে ৫৬২০ কোটি পাকিস্তানি রুপি ব্যয় হতে পারে। এককালীন অবকাঠামো ব্যয়, পুলিশ বাহিনী ও পূর্ণাঙ্গ সচিবালয় গঠনের খরচ এ হিসাবের বাইরে। পাকিস্তানের জাতীয় রাজস্বের কেন্দ্রীয় অংশ থেকে বর্তমানে প্রদেশগুলো মোট ৫৭ দশমিক ৫ শতাংশ অর্থ পায়। জনসংখ্যার ভিত্তিতে এ অর্থের মধ্যে পাঞ্জাবের অংশ ৫১ দশমিক ৭৪ শতাংশ, সিন্ধুর ২৪ দশমিক ৫৫ শতাংশ, খাইবার পাখতুনখাওয়ার ১৪ দশমিক ৬২ শতাংশ এবং বেলুচিস্তানের ৯ দশমিক ০৯ শতাংশ। নতুন প্রদেশ গঠিত হলে বিদ্যমান প্রদেশের বরাদ্দ কীভাবে নতুন ইউনিটগুলোর মধ্যে ভাগ হবে, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট নির্দেশনা নেই। পানি বণ্টনও বড় প্রশ্ন। ১৯৯১ সালের পানি বণ্টন চুক্তির আওতায় সিন্ধু নদব্যবস্থার পানি চার প্রদেশের মধ্যে বণ্টন করা হয়। নতুন প্রদেশ হলে সেই চুক্তির কাঠামো কীভাবে কার্যকর থাকবে, তা নিয়ে এখনো কোনো বিস্তারিত প্রস্তাব প্রকাশ করা হয়নি। একইভাবে প্রাকৃতিক সম্পদ, কর আদায়, সরকারি চাকরি ও উন্নয়ন বাজেট বণ্টনের বিষয়েও সমঝোতা প্রয়োজন হবে। গণভোটের প্রস্তাব ও রাজনৈতিক বিতর্ক নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার প্রস্তাবও সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, জনগণ নতুন প্রদেশ না চাইলে তা করা উচিত হবে না; আর জনগণ চাইলে প্রক্রিয়া এগিয়ে নেওয়া যেতে পারে। পাকিস্তানের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৬ উপধারায় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, গণভোটের ফল সরাসরি সংবিধান সংশোধনের বিকল্প হতে পারে না। নতুন প্রদেশ গঠনের জন্য ২৩৯ অনুচ্ছেদের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। এদিকে প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে যে আলোচনা উঠেছে, তা নাকচ করেছেন আহসান ইকবাল। এ ধরনের ব্যবস্থা চালুর কোনো প্রস্তাব তাঁর জানা নেই বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের আলোচনা এখন রাজনৈতিক বিতর্কের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। তবে ১৪ প্রদেশের ধারণা বাস্তবায়নে সংবিধান সংশোধন, প্রাদেশিক পরিষদের অনুমোদন, রাজনৈতিক ঐকমত্য, সম্পদ ও অর্থ বণ্টন এবং নতুন প্রশাসনিক কাঠামোর ব্যয়—সবকিছুই বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। পরিকল্পনামন্ত্রীর আহ্বান, রাজনীতিবিদদেরই এ আলোচনায় নেতৃত্ব দিতে হবে। কিন্তু আলোচনা থেকে বাস্তব সিদ্ধান্তে পৌঁছাতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা কতটা সম্ভব হয়, সেটিই এখন দেখার বিষয়।