নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলায় শিক্ষক নিহত, অপহৃত বহু ছাত্রী

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০১৬ সালে বোকো হারামের ছাড়া ফুটেজ, ছাত্রীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দাবি করেছিল গোষ্ঠীটি ছবি:
২০১৬ সালে বোকো হারামের ছাড়া ফুটেজ, ছাত্রীদের ছেড়ে দেওয়ার বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তি দাবি করেছিল গোষ্ঠীটি ছবি:

নাইজেরিয়ার একটি বিদ্যালয়ে শিক্ষককে হত্যা করে একাধিক নারী শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির কেব্বি অঙ্গরাজ্যের ওই সরকারি বালিকা আবাসিক বিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) ভোরের দিকে ওই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রতিষ্ঠানের উপ-অধ্যক্ষকে হত্যার পর অন্তত ২৫ জন শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিগত কয়েকমাস ধরে চলা ব্যাপক অপহরণের সর্বশেষ ঘটনা এটি।


পুলিশের মুখপাত্র নাফিউ আবুবাকার কোতারকোশি জানান, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। তারা সমন্বিত কৌশল ব্যবহার করে ভোর ৪টার দিকে মাগা শহরের গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে ঢোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এরপর তারা বিদ্যালয়ের দেয়াল টপকে হোস্টেল এলাকায় গিয়ে ছাত্রীদের ধরে নিয়ে যায়।


উপ-অধ্যক্ষ হাসান ইয়াকুব মাকুকু হামলাকারীদের ঠেকাতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীদের গুলিতে বিদ্যালয়ের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারীদের খুঁজে বের করতে আশপাশের জঙ্গল এবং সম্ভাব্য পালানোর পথে তল্লাশি চলছে। এ কাজে অতিরিক্ত ট্যাকটিক্যাল ইউনিট, সেনা সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী বাহিনীকে পাঠানো হয়েছে।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মুক্তিপণের উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও বিদ্যালয়ে অপহরণের ঘটনা বারবার ঘটছে। সরকারের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতি খুব বেশি বদলায়নি।

২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের চিবোকে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭০ জন ছাত্রীকে অপহরণ করেছিল। তাদের অনেকেই পালাতে সক্ষম হলে বা পরবর্তীতে মুক্তি পেলেও, অনেক ছাত্রীকে আর কখনও ফিরে পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত