সংগৃহীত
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলার দাবি সামনে আসে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদি মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে। তার দাবি, সৌদি আরব ড্রোনের মাধ্যমে ইয়েমেনের সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এর জবাবে নাজরান বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হুথিদের এক বিবৃতিতে বলা হয়, ড্রোনটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। হুদাইদাহভিত্তিক সরকারের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, হুথিরা নির্বিচারে বিস্ফোরক মাইন পুঁতে রাখায় ওই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরকারের দাবি, এসব মাইনের কারণে সাধারণ মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। সূত্র: এএফপি শু/আজা