প্রকাশ :: ... | ... | ...

পর্নোগ্রাফিতে বাধ্য হয়ে নিজেকে ‘জীবন্ত লাশ’ ভাবতেন মারাইয়া, যেভাবে ঘুরে দাঁড়ালেন


সংযুক্ত ছবি

আট ঘণ্টা ধরে নির্যাতনমূলক ভিডিও ধারণ; অপরাধীদের সাজা নিশ্চিত করে এখন অন্য ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের এই নারী যুক্তরাষ্ট্রের তরুণী মারাইয়া রিফের বয়স তখন মাত্র ১৯ বছর। মডেলিংয়ের সুযোগের আশায় একটি অনলাইন বিজ্ঞাপনে সাড়া দিয়ে তিনি গিয়েছিলেন সান দিয়েগোর একটি হোটেলে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন আলোকচিত্রী থিওডোর গাই। কিন্তু কথিত ফটোশুটের আড়ালে তাঁকে যৌন নির্যাতনমূলক পর্নোগ্রাফিক ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। টানা আট ঘণ্টার সেই অভিজ্ঞতাকে মারাইয়া পরে বর্ণনা করেছেন নিজের মৃত্যুর মতো। তাঁর ভাষায়, হোটেলের ওই কক্ষেই যেন তাঁর মৃত্যু হয়েছিল; তিনি পরিণত হয়েছিলেন ‘জীবন্ত লাশে’। ঘটনাটি ঘটে ২০১৬ সালের নভেম্বরে। এর পর বহু বছর নিজেকেই দায়ী করেছেন মারাইয়া। মনে করেছেন, প্রতিরোধ করতে না পারার দায় তাঁর। ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিচিতজনদের বিদ্রূপ, সামাজিক অপমান ও মানসিক নির্যাতনের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু একসময় বুঝতে পারেন, তিনি অপরাধী নন; বরং পরিকল্পিত প্রতারণা ও যৌন পাচারের শিকার। অপরাধীদের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিয়ে তাঁদের সাজা নিশ্চিত করতে সহায়তা করেছেন তিনি। এখন অন্য ভুক্তভোগীদের সহায়তা দেওয়ার পাশাপাশি অনলাইনে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের ছবি ও ভিডিও সরানোর আইনি উদ্যোগেও কাজ করছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় এবং ঘুরে দাঁড়ানোর গল্প বলেছেন মারাইয়া। বর্তমানে ২৯ বছর বয়সী এই নারী যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ইউকে ফেমিনিস্টার হয়ে পার্লামেন্টে বক্তব্য রাখতে লন্ডনে অবস্থান করছেন। পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সংগঠনটি সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরছে। এসব ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক কি না এবং ভিডিও প্রকাশে তাঁদের সম্মতি রয়েছে কি না, তা যাচাই বাধ্যতামূলক করার দাবি জানানো হচ্ছে। মারাইয়ার বক্তব্য, পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো এখনো প্রায় দায়মুক্তভাবে কাজ করছে। কোনো ধরনের কার্যকর জবাবদিহি ছাড়াই তারা কনটেন্ট প্রকাশ ও তা থেকে মুনাফা অর্জন করতে পারে। অথচ তাঁর মতো অনেক নারী প্রতারণা, ভয়ভীতি ও জবরদস্তির শিকার হয়ে এসব ভিডিওতে অংশ নিতে বাধ্য হয়েছেন। মডেলিংয়ের স্বপ্ন থেকে প্রতারণার ফাঁদ মারাইয়ার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের অত্যন্ত রক্ষণশীল ও ধর্মপ্রাণ এক দত্তক পরিবারে। তাঁর জন্মদাত্রী মা মাদকাসক্ত ছিলেন এবং মাদকের অর্থ জোগাতে দেহব্যবসা করতেন বলে জানান মারাইয়া। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল মডেল হওয়া। মাত্র ১৩ বছর বয়সে তাঁকে মডেলিং ও আদবকেতা শেখার ক্লাসে পাঠানো হয়েছিল। টেলিভিশনে ‘আমেরিকা’স নেক্সট টপ মডেল’ অনুষ্ঠান দেখে তিনি ভাবতেন, মডেলিংয়ের জগতে প্রবেশ করতে পারলে জীবন বদলে যাবে। ১৮ বছর বয়সে এক নৌসেনাকে বিয়ে করে স্বামীর কর্মস্থল সান দিয়েগোতে চলে যান মারাইয়া। কিন্তু এক বছরের মধ্যে সংসার ভেঙে যায়। তখন নিজের থাকার জায়গাও ছিল না। কখনো পরিচিতজনের বাসার সোফায় রাত কাটাতেন, জীবিকার জন্য কাজ করতেন একটি জিমের রিসেপশনিস্ট হিসেবে। একটি গাড়ি কিনেছিলেন কিস্তিতে। কিন্তু গাড়ির বিমার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। বাড়িতে ফোন করে সাহায্য চাইলে তাঁকে মডেলিংয়ের কাজ খুঁজতে বলা হয়। পরামর্শ দেওয়া হয় অনলাইন বিজ্ঞাপনের ওয়েবসাইট ক্রেইগলিস্টে খোঁজ করতে। মারাইয়া বলেন, মডেলিংয়ের সুযোগ খুঁজতে গিয়ে ক্রেইগলিস্টে অসংখ্য বিজ্ঞাপন দেখে তিনি অবাক হয়েছিলেন। অধিকাংশ বিজ্ঞাপনে নগ্নতা বা যৌনকাজের কোনো উল্লেখ ছিল না। কিছু বিজ্ঞাপনের কাজের বিবরণ অবশ্য অস্পষ্ট ছিল। রক্ষণশীল ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার কারণে তিনি সেসব বিজ্ঞাপনে আবেদন করেননি। এক রাতে একগাদা আবেদনপত্র পূরণ করতে করতে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ফোনে ঘুম ভাঙে। ফোনের ওপাশের পুরুষ কণ্ঠকে তাঁর অস্ট্রেলীয় মনে হয়েছিল। ওই ব্যক্তি জানতে চান, সেদিন বিকেলেই তিনি সান দিয়েগোর হিলটন হোটেলে একটি ফটোশুটে যেতে পারবেন কি না। কিছুটা দ্বিধায় পড়লে ওই ব্যক্তি তাঁকে তাঁদের প্রতিষ্ঠানের হয়ে আগে কাজ করেছেন এমন একজন নারীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রস্তাব দেন। অল্প সময়ের মধ্যেই এক নারী ফোন করে আশ্বস্ত করেন, প্রতিষ্ঠানটি নিরাপদ ও বৈধ এবং সেখানে ভালো পারিশ্রমিক পাওয়া যায়। মারাইয়া বলেন, ওই নারীকে তিনি বিশ্বাস করেছিলেন। পরে জানতে পারেন, এ ধরনের ফোন করে তরুণীদের আশ্বস্ত করার জন্য ওই নারীদের ১০০ ডলার করে দেওয়া হতো। হোটেলের কক্ষে আট ঘণ্টা হিলটন হোটেলে পৌঁছে প্রথমে কিছুটা স্বস্তি পেয়েছিলেন মারাইয়া। সুন্দর হোটেল, সমুদ্রসৈকতের পাশের পরিবেশ এবং ব্যবসায়ী ও পেশাজীবীদের আনাগোনা দেখে তাঁর মনে হয়েছিল, এখানে নিশ্চয়ই কোনো বিপদ নেই। আলোকচিত্রী থিওডোর গাইয়ের আচরণও ছিল বন্ধুত্বপূর্ণ। তবে তিনি যখন মারাইয়াকে লিফট দিয়ে হোটেলের একটি কক্ষের দিকে নিয়ে যেতে শুরু করেন, তখন কিছুটা অস্বস্তি বোধ করেন তরুণীটি। তাঁর ধারণা ছিল, ফটোশুটটি হবে হোটেলের বাইরে খোলা কোনো জায়গায়। গাই তাঁকে বোঝান, অর্থের লেনদেন ও কাগজপত্রের কাজের জন্য একটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। এতে তাঁর পরিচয় ও গোপনীয়তা সুরক্ষিত থাকবে। কিন্তু কক্ষের দরজার কাছে পৌঁছানোর পর গাই তাঁর গা ঘেঁষে হাঁটতে থাকেন এবং দ্রুত ভেতরে ঢোকার জন্য চাপ দিতে থাকেন। দরজার ওপাশে আরেকজন পুরুষের ছায়ামূর্তি দেখতে পান মারাইয়া। কক্ষের ভেতর থেকে গাঁজার গন্ধও আসছিল। ঠিক তখনই গাই তাঁর কানের কাছে মুখ নিয়ে বলেন, ‘তুমি যদি চুপচাপ ভেতরে ঢুকে পড়ো এবং আমরা এখানে কী করতে যাচ্ছি, তা আমাকে বলতে দাও, তবে সেটাই তোমার জন্য মঙ্গলজনক হবে।’ মারাইয়া বুঝতে পারেন, পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাঁর মনে হয়েছিল, কক্ষে ঢুকলে তাঁকে যা করতে বলা হবে, তা-ই করতে বাধ্য করা হবে। ভেতরে থাকা ব্যক্তিদের কাছে অস্ত্র আছে কি না, সেটিও তিনি জানতেন না। তাই নিজেকে নিরাপদে বের করে আনার আশায় তাঁদের বিশ্বাস করানোর চেষ্টা করেন যে তিনি সহযোগিতা করছেন। কক্ষে ঢুকে বিছানার দিকে তাক করে বসানো ছয়টি স্টুডিও লাইট দেখতে পান। থিওডোর গাই তাঁকে বোঝান, এটি একটি অভিজাত মানের ভিডিও; অস্ট্রেলিয়ার কয়েকজন ধনাঢ্য ব্যক্তির জন্য শুধু ডিভিডি আকারে প্রকাশ করা হবে। তাঁকে পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দেন। পরিচয় গোপন রাখার অজুহাতে শরীরের ট্যাটুগুলোও ফাউন্ডেশন দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে মারাইয়া জানতে পারেন, তাঁদের দেখতে যেন কিশোরীদের মতো মনে হয়, সে লক্ষ্যেই এমন সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। শুটিংয়ের সময় ঋতুস্রাব চলার কথা জানালে পর্নো অভিনেতা রুবেন আন্দ্রে গার্সিয়া তাঁকে একটি মেনস্ট্রুয়াল স্পঞ্জ দেন। সেটি কীভাবে ব্যবহার করতে হয়, তা-ও তাঁকে শিখিয়ে দেওয়া হয়। টানা আট ঘণ্টা ধরে চলে দৃশ্যধারণ। মারাইয়া বলেন, সময়টি তাঁর কাছে চোখের পলকের মতো মনে হয়েছিল। তিনি যেন রোবটের মতো হয়ে গিয়েছিলেন; যা করতে বলা হয়েছে, তা-ই করেছেন। তাঁর ভাষায়, ‘হোটেলের ওই কক্ষেই আমার মৃত্যু হয়েছিল। আমি এক জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম।’ শুটিং শেষে মারাইয়ার হাতে একটি খাম দেওয়া হয়। তাতে ছিল ৪ হাজার ৫০০ ডলার। তাঁর কাছে তখন অর্থের চেয়ে বড় বিষয় ছিল, জীবিত অবস্থায় ওই কক্ষ থেকে বেরিয়ে আসতে পারা। তাড়াহুড়া করে জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে আসেন তিনি। বাইরে অন্ধকার দেখে বুঝতে পারেন, কত দীর্ঘ সময় সেখানে আটকে ছিলেন। এমনকি নিজের গাড়ি কোথায় রেখেছিলেন, তা-ও কিছুক্ষণ মনে করতে পারেননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক অপমান শুটিংয়ের পর প্রায় এক মাস কোনো ঘটনা ঘটেনি। এর মধ্যে মারাইয়া কান্ট্রি ক্লাবে নতুন চাকরি পান। তাঁর মনে হয়েছিল, হয়তো সবকিছু পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। কিন্তু একদিন কর্মস্থলে থাকা অবস্থায় স্কুলজীবনের এক পরিচিতজন ফেসবুকে বার্তা পাঠান। সেখানে জানতে চাওয়া হয়, ওই ভিডিওর বিনিময়ে তিনি কত টাকা পেয়েছেন। এরপর একের পর এক ফোনকল ও বার্তায় তাঁর মুঠোফোন ভরে যায়। মারাইয়া বুঝতে পারেন, ভিডিওটি ছড়িয়ে পড়েছে। পরে তিনি জানতে পারেন, ‘গার্লস ডু পর্ন’ (জিডিপি) নামের প্রতিষ্ঠানটির নিয়মিত কৌশল ছিল ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ভিডিওর স্ক্রিনশট ও লিংক পাঠানো। এর মাধ্যমে একদিকে ওয়েবসাইটে দর্শক বাড়ানো হতো, অন্যদিকে নারীদের মানসিকভাবে ভেঙে দিয়ে নীরব থাকতে বাধ্য করা হতো। কয়েকজন ভুক্তভোগীর নামে ওয়েবসাইটের ডোমেইনও কিনে রাখা হয়েছিল। ফলে গুগলে তাঁদের নাম লিখে খুঁজলেই ভিডিও ও স্ক্রিনশটসংবলিত পেজ সামনে আসত। এতে এমন ধারণা তৈরি করা হতো, যেন ওই নারীরা নিজেরাই পর্নোগ্রাফির ব্যবসার সঙ্গে যুক্ত এবং সবকিছু তাঁদের সম্মতিতে ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর মারাইয়া সামাজিক অপমান ও বিদ্রূপের শিকার হন। তাঁকে নিয়ে মিম তৈরি করা হয়। গির্জার কিছু দায়িত্বশীল ব্যক্তি তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আত্মীয়স্বজনের কাছ থেকেও অপমানজনক বার্তা পান। এক খালা তাঁকে লিখেছিলেন, বাইরে থেকে সুন্দর দেখালেও তাঁর ভেতরটা কুৎসিত—এমনটাই ঈশ্বর জানেন। মারাইয়া বলেন, একের পর এক অপমানজনক বার্তা পেতে পেতে একসময় তাঁর মনে হতে শুরু করে, তিনি সত্যিই সমাজের বোঝা এবং তাঁর সঙ্গে যা ঘটেছে, হয়তো সেটাই তাঁর প্রাপ্য ছিল। যৌন পাচার সম্পর্কে তাঁর ধারণা ছিল, কাউকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করাই কেবল পাচার। তাই নিজের অভিজ্ঞতাকে প্রথমে যৌন পাচার হিসেবে বুঝতে পারেননি। তিনি নিজেকেই প্রশ্ন করতেন, কেন প্রতিরোধ করেননি, কেন লড়াই করেননি। কেন অন্যদের নির্দেশ মেনে নিয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, ভয়, প্রতারণা ও হুমকির মধ্যে থাকা একজন মানুষের পক্ষে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সব সময় সহজ নয়। এফবিআইয়ের তদন্তে বদলে যায় জীবন জিডিপির বিরুদ্ধে তদন্ত শুরু হলে এফবিআইয়ের কর্মকর্তারা মারাইয়ার সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে সরকারি সিলযুক্ত চিঠি পেয়ে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন, হয়তো তিনি কোনো অপরাধ করেছেন। কারণ, এত দিন তিনি বিশ্বাস করতেন, তাঁর সঙ্গে যা ঘটেছে, তার দায় তাঁরই। এফবিআইয়ের ভুক্তভোগী-সহায়তা বিভাগের এক কর্মকর্তার সঙ্গে কথা বলার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ওই কর্মকর্তা তাঁকে ব্যাখ্যা করেন, জিডিপি কীভাবে প্রতারণার মাধ্যমে তরুণীদের ফাঁদে ফেলত এবং তাঁদের দিয়ে নির্যাতনমূলক ভিডিও তৈরি করত। একই সঙ্গে জানান, চক্রটির সদস্যরা পুলিশি হেফাজতে রয়েছে। মারাইয়া বলেন, খবরটি শোনার মুহূর্তটি ছিল তাঁর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। কয়েক সপ্তাহ পর সান দিয়েগোর ফেডারেল আদালতে অপরাধীদের সাজা ঘোষণার শুনানিতে ভুক্তভোগী হিসেবে নিজের অভিজ্ঞতা ও ক্ষতির বিবরণ দিতে তাঁকে ডাকা হয়। আদালতে গিয়ে আরও অনেক ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা হয় তাঁর। তাঁদের পরিচয় গোপন রাখতে প্রত্যেককে ইংরেজি বর্ণমালার একটি করে অক্ষর দেওয়া হয়েছিল। মারাইয়ার পরিচয় ছিল ‘ইউ’। সেখানে অন্য নারীদের অভিজ্ঞতা শুনে তিনি প্রথমবারের মতো বুঝতে পারেন, তাঁদের অনেকের সঙ্গেই একই ধরনের প্রতারণা ও নির্যাতন ঘটেছে। কেউ জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কেউ পালিয়ে গেলেও তাঁকে ধরে ফিরিয়ে এনে নির্যাতন করা হয়েছিল। তাঁদের অভিজ্ঞতা শুনে মারাইয়া উপলব্ধি করেন, তিনি প্রতিরোধ করতে না পারার জন্য নিজেকে এত দিন যে দোষ দিয়েছেন, তা ন্যায্য নয়। বরং প্রতিরোধের চেষ্টা করলে তাঁর পরিণতি আরও ভয়াবহ হতে পারত। জিডিপি ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সাবস্ক্রিপশনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। প্রতি সপ্তাহে নতুন ভিডিও প্রকাশ করত তারা এবং মূলধারার পর্নোগ্রাফি ওয়েবসাইটেও কনটেন্ট সরবরাহ করত। প্রতিষ্ঠানটির ভিডিও ১০০ কোটির বেশি বার দেখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওগুলো পেশাদারভাবে তৈরি হওয়ায় অনেক দর্শক বিশ্বাসই করতে চাইতেন না, এর পেছনে যৌন পাচার ও জবরদস্তির ঘটনা রয়েছে। মারাইয়ার করা মামলায় আলোকচিত্রী থিওডোর গাইকে ২০২২ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। হোটেলের কক্ষে উপস্থিত পর্নো অভিনেতা রুবেন আন্দ্রে গার্সিয়া ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আর চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাটের সাজা হয়েছে ২৭ বছরের কারাদণ্ড। এখন অন্য ভুক্তভোগীদের পাশে এখন নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরেন মারাইয়া। অনলাইনে এখনো তাঁকে আক্রমণ করা হয়, পাঠানো হয় পুরোনো ভিডিওর স্ক্রিনশট ও বিদ্রূপাত্মক বার্তা। তবে আগের মতো এসব তাঁকে ভেঙে দিতে পারে না। মারাইয়া জানান, তাঁর জানা মতে, জিডিপির শিকার অন্তত ১৫ জন নারী পরবর্তী সময়ে আত্মহত্যা অথবা অতিরিক্ত মাদক সেবনের কারণে মারা গেছেন। এত কঠিন অভিজ্ঞতার মধ্যেও তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর ভাষায়, মানুষের ঘৃণা ও অপমানই একসময় তাঁর ভেতরে ঘুরে দাঁড়ানোর জেদ তৈরি করে। বর্তমানে দুই সন্তানের মা মারাইয়া নিজের একটি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। যৌন নির্যাতন ও পাচারের শিকার নারীদের সহায়তা দেওয়াই এর লক্ষ্য। পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তিনি। প্রস্তাবিত আইনের লক্ষ্য, অনলাইনে নির্যাতনের শিকার ব্যক্তিদের আপত্তিকর ছবি ও ভিডিও সরিয়ে ফেলার প্রক্রিয়া সহজ করা। একসময় যিনি নিজেকে জীবন্ত লাশ মনে করতেন, সেই মারাইয়া এখন নিজের অভিজ্ঞতাকে অন্যদের পাশে দাঁড়ানোর শক্তিতে পরিণত করেছেন। তাঁর লড়াই শুধু অপরাধীদের শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়; অনলাইনে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও এখন তাঁর সংগ্রামের অংশ।