প্রকাশ :: ... | ... | ...

পাকিস্তানের পর ভারতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করতে চায় কুয়েত


সংযুক্ত ছবি

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত চুক্তি করতে চায় কুয়েত। এ বিষয়ে শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কুয়েতের সামরিক বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অমিতাভ প্রসাদসহ তিন বাহিনীর প্রতিনিধি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও), আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। কুয়েতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছিল। এবার সেটিকে আরও বিস্তৃত ও পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দিতে চায় দুই দেশ। সম্ভাব্য চুক্তিতে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামরিক বাহিনীর জন্য ওষুধ, প্রতিরক্ষা শিল্প এবং সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার মতো বিষয় থাকতে পারে। তবে চুক্তির চূড়ান্ত বিষয়বস্তু এখনো নির্ধারিত হয়নি। এর আগে ২৭ আগস্ট পাকিস্তানের সঙ্গে ‘প্রটোকল এগ্রিমেন্ট-২০২৬’ নামে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে কুয়েত। চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। পাকিস্তানের সঙ্গে চুক্তির পরপরই ভারতের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ কুয়েতের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। শু/আজা