প্রকাশ :: ... | ... | ...

পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক রোগে আক্রান্ত


সংযুক্ত ছবি

জাতীয় পর্যায়ের প্রথম জরিপে ৩২ দশমিক ৩ শতাংশের মধ্যে মানসিক ও আচরণগত ব্যাধি শনাক্ত; জীবনের কোনো এক সময়ে আক্রান্ত হয়েছেন ৩৭ দশমিক ৯ শতাংশ। চিকিৎসাসেবার বড় অংশই শহরকেন্দ্রিক পাকিস্তানে মানসিক স্বাস্থ্য সংকটের ব্যাপকতা উঠে এসেছে দেশটির প্রথম জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বমূলক জরিপে। এতে দেখা গেছে, দেশটির প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন কোনো না কোনো মানসিক ও আচরণগত ব্যাধিতে আক্রান্ত। জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্কদের ৩২ দশমিক ৩ শতাংশের মধ্যে বর্তমানে এ ধরনের সমস্যা শনাক্ত হয়েছে। আর জীবনের কোনো না কোনো সময়ে মানসিক বা আচরণগত ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ৩৭ দশমিক ৯ শতাংশ। ব্রিটিশ মেডিকেল জার্নাল ‘বিএমজে পাবলিক হেলথ’-এ ২৫ সেপ্টেম্বর প্রকাশিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। পাকিস্তানের চারটি প্রদেশে ১৭ হাজার ৭৭৩ জন প্রাপ্তবয়স্কের সাক্ষাৎকার নিয়ে জরিপটি পরিচালনা করা হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেন প্রশিক্ষিত গবেষকেরা। অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য মূল্যায়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্ণয়পদ্ধতি ব্যবহার করা হয়। জরিপে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উদ্বেগ, মানসিক চাপ ও এ-সম্পর্কিত শারীরিক উপসর্গের শ্রেণিভুক্ত ব্যাধি। এ ধরনের সমস্যায় আক্রান্তের হার ২৪ দশমিক ৫ শতাংশ। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত ১৯ দশমিক ৯ শতাংশ এবং বিষণ্ণতাজনিত ব্যাধিতে আক্রান্ত ১০ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া সিজোফ্রেনিয়া-সংশ্লিষ্ট ব্যাধি ২ দশমিক ৭ শতাংশ, বাইপোলার ডিসঅর্ডার ২ দশমিক ৪ শতাংশ এবং অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডারে (ওসিডি) আক্রান্তের হার ১ দশমিক ৩ শতাংশ। গবেষণায় দেখা গেছে, মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা, আয় ও কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে। ৪০ বছর বা তার বেশি বয়সী, নারী, শহরাঞ্চলের বাসিন্দা, বিধবা, তালাকপ্রাপ্ত বা স্বামী-স্ত্রী থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এবং আনুষ্ঠানিক শিক্ষা না পাওয়া মানুষের মধ্যে মানসিক রোগের প্রবণতা তুলনামূলক বেশি। বেকার, গৃহিণী, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তদের মধ্যেও ঝুঁকি বেশি দেখা গেছে। অন্যদিকে, শিক্ষা ও আয়ের মাত্রা বাড়ার সঙ্গে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে। গবেষকদের মতে, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সংঘাত, বাস্তুচ্যুতি এবং বন্যা, ভূমিকম্প ও তাপপ্রবাহের মতো দুর্যোগ মানসিক স্বাস্থ্য পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে পিটিএসডির উচ্চ হার দেশটির দীর্ঘদিনের সামাজিক ও নিরাপত্তাজনিত সংকটের প্রেক্ষাপটে উদ্বেগ তৈরি করেছে। তবে জরিপটি এককালীন বা ক্রস-সেকশনাল হওয়ায় নির্দিষ্ট কোনো ঘটনা বা পরিস্থিতিকে এসব মানসিক সমস্যার সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়। আত্মহত্যার চিন্তার বিষয়টিও জরিপে উদ্বেগজনকভাবে উঠে এসেছে। অংশগ্রহণকারীদের ৬ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, জরিপের আগের এক মাসে তাঁদের আত্মহত্যার চিন্তা হয়েছিল। তাঁদের মধ্যে ৪ দশমিক ১ শতাংশের মধ্যে নিষ্ক্রিয় আত্মহত্যার চিন্তা এবং ৩ দশমিক ২ শতাংশের মধ্যে সক্রিয় আত্মহত্যার চিন্তার লক্ষণ পাওয়া গেছে। জরিপে ১ দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী জীবনের কোনো এক সময়ে আত্মহত্যার চেষ্টা করার কথা জানিয়েছেন। গবেষকদের ধারণা, আত্মহত্যা নিয়ে সামাজিক কলঙ্ক ও আইনি জটিলতা থাকায় প্রকৃত চিত্র আরও গুরুতর হতে পারে। পাকিস্তানে আত্মহত্যার চেষ্টা এখনো অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে অনেকে চিকিৎসা বা সহায়তা নিতে নিরুৎসাহিত হতে পারেন। ফলে মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ও আইনি বাধা দূর করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে বড় সীমাবদ্ধতাগুলোর একটি বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি। গবেষণায় উল্লেখ করা হয়েছে, দেশটিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞ মাত্র শূন্য দশমিক ১৯ জন। সব মিলিয়ে বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৪৭০। তাঁদের অধিকাংশই বড় শহরগুলোতে কর্মরত। ফলে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার মানুষের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন। গবেষণায় আরও বলা হয়েছে, পাকিস্তানের মোট স্বাস্থ্য বাজেটের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয়। বিশেষায়িত চিকিৎসাসেবা সীমিত ও বিচ্ছিন্ন হওয়ায় বিপুলসংখ্যক মানুষের প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ নেই। দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক বিচ্ছিন্নতা, সামাজিক বৈষম্য ও মানসিক রোগ নিয়ে নেতিবাচক ধারণা এ সংকটকে আরও জটিল করছে। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর বৈষম্য ও চিকিৎসাসেবা পাওয়ার প্রতিবন্ধকতাও মানসিক স্বাস্থ্যঝুঁকির আলোচনায় গুরুত্বপূর্ণ। তবে জরিপে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে পাকিস্তানের মোট জনসংখ্যার একটি বড় অংশের মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জাতীয় পর্যায়ের পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি। শিশু-কিশোরদের নিয়ে পৃথক গবেষণা ও সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তাও রয়েছে। গবেষকদের মতে, জরিপের ফলাফল পাকিস্তানের মানসিক স্বাস্থ্যনীতি ও চিকিৎসাব্যবস্থা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে। এ সংকট মোকাবিলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক চিকিৎসা যুক্ত করা, শহরের বাইরে বিশেষজ্ঞ ও কাউন্সেলিং সেবা সম্প্রসারণ এবং আত্মহত্যা প্রতিরোধে কার্যকর কর্মসূচি নেওয়া জরুরি। পাশাপাশি আত্মহত্যার চেষ্টা-সংক্রান্ত আইনি বাধা দূর করা এবং মানসিক রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও লোকলজ্জা কমাতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্যকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্য, কর্মক্ষমতা ও সামাজিক নিরাপত্তার সঙ্গেও যুক্ত। জাতীয় জরিপে উঠে আসা চিত্রের ভিত্তিতে কার্যকর নীতি ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে পাকিস্তানের বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় সহায়তার বাইরে থেকে যেতে পারেন।