সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারতজুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও ডেকেছে দলটি। সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও পূরণ হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বেশিরভাগই এখনও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেওয়া হয়নি। সরকারের প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কী হবে, সেই সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হবে। রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে। এ কারণে সিজেপি দেশজুড়ে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। এরপর কেন্দ্রীয় সরকারের আচরণে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিল। সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির তাৎক্ষণিক কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে। সিজেপি জানিয়েছে, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। যাতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে। তবে আদালতের বারবার অনুরোধের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি। দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তা। এসব বিষয়ে সরকারের প্রতিনিধিরা এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেছে সিজেপি। সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। তবে সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য মোদি সরকারকে সতর্ক করেছে দলটি।