প্রকাশ :: ... | ... | ...

‘বরফের মতো ঠান্ডা হয়ে যায় হাত’, গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা


সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ২৯ গাজা নগরীতে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু। শীতের পোশাক ও কম্বলের অভাবে চরম দুর্ভোগে পড়েছে পরিবারগুলো। চার মাস বয়সি শিশু মোহাম্মদকে রাতের ঠান্ডা থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন তার মা আমিরা সাদ। গরম পোশাক কেনার সামর্থ্য না থাকায় প্রতিবেশীর কাছ থেকে একটি শীতের পোশাক ধার করেছেন তিনি। ২৭ বছর বয়সি আমিরা ১৮ সদস্যের পরিবারের সঙ্গে থাকেন। পরিবারের নয়জনই শিশু। গাজা নগরীর পশ্চিমে একটি অস্থায়ী শিবিরে ত্রিপল দিয়ে তৈরি তাঁবুতে তাদের বসবাস। তাঁবুটি বৃষ্টি ও ঠান্ডা থেকে তেমন সুরক্ষা দিতে পারে না। পরিবারের সবার জন্য পর্যাপ্ত গরম পোশাক ও কম্বল জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। ইসরাইলের যুদ্ধের শুরুর দিকে গাজা নগরীর শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় পরিবারটি। সম্প্রতি ভারী বৃষ্টিতে তাদের তাঁবুতে পানি ঢুকে বিছানার তোশক, বালিশ ও কম্বল ভিজে গেছে। আমিরা বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তাঁবুতে পানি ঢুকে পড়ে। কম্বল, তোশক ও বালিশ সব ভিজে যায়। সবকিছু পানিতে একাকার হয়ে গিয়েছিল।’ পরিবারের শিশুদের বেশির ভাগের পরনে পুরোনো ও ছেঁড়া গ্রীষ্মকালীন পোশাক। আমিরার শাশুড়ি ৬০ বছর বয়সি বাসিমা সাদেরও দুশ্চিন্তার শেষ নেই। তার ২৩ বছর বয়সি এক মেয়ে প্রতিবন্ধী। তার জন্য গরম পোশাকের পাশাপাশি ওষুধও প্রয়োজন। বাসিমা বলেন, ‘তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাকে গরম রাখার জন্য বিছানায় নিজের পাশে শুইয়ে রাখি। ছোট শিশুর মতো তাকে আগলে রাখি। নিজের পোশাক পরার আগেই তাকে পোশাক পরিয়ে দিই। আগে নিশ্চিত করি, সে যেন গরম থাকে।’ পরিবারটির নিয়মিত কোনো আয় নেই। খাবারের জন্য তাদের কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতে হয়। শীতের পোশাক ও কম্বল কেনার মতো বাড়তি টাকা তাদের হাতে নেই। আমিরা বলেন, ‘আমার স্বামীর কোনো কাজ নেই। দুই দিন আগে তিনি ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে গিয়েছিলেন। সেখানে তার হাত ভেঙে গেছে। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডাও অসহনীয়।’ শীত মোকাবিলায় সহায়তা প্রয়োজন লাখো মানুষের জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। সেখানকার প্রায় ৬৫ শতাংশ পরিবার তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। শীত মোকাবিলায় গাজার ৬ লাখ ৫০ হাজার শিশুর গরম পোশাক ও কম্বলসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন। গত সেপ্টেম্বর পর্যন্ত ত্রাণ সংস্থাগুলো মাত্র ৯ হাজার পরিবারের জন্য শীতের পোশাক এবং ৫০ হাজার পরিবারের জন্য বিছানার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পেরেছিল। প্রয়োজনের তুলনায় এই সহায়তা খুবই কম। অর্থের অভাব শীতকালীন প্রস্তুতিতেও বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে ওসিএইচএ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, শীতের কারণে গাজার শিশুরা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া (হাইপোথার্মিয়া) এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীতে হাইপোথার্মিয়ায় অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছিল। ২০২৬-২৭ সালের শীতকালীন সহায়তা কার্যক্রমের জন্য ৯ কোটি ৭৫ লাখ ডলার সংগ্রহের চেষ্টা করছে ইউনিসেফ। এ অর্থ দিয়ে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ৫ লাখ ৪০ হাজার শিশু ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ইউনিসেফ গত ৯ নভেম্বর জানিয়েছে, বন্যায় ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় বসবাস করছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে। ইসরাইলের তিন বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর ও জীবিকার উৎস। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকে একাধিকবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এখনো কয়েক লাখ মানুষ তাঁবু ও ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে বেকারত্ব ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠেছে। মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে পরিবারগুলো। সন্তানদের শীত থেকে রক্ষা করার সামর্থ্যও অনেকের নেই। পুরোনো পোশাকই ভরসা, কিনতে পারছেন না নতুন গাজা নগরীর রিমাল বাজারে পোশাকের দোকান চালান ২৫ বছর বয়সি মোহাম্মদ আবু শানার। শীতের পোশাক কিনতে এসে অনেক ক্রেতাকেই দাম জিজ্ঞাসা করে খালি হাতে ফিরে যেতে দেখছেন তিনি। মোহাম্মদ বলেন, ‘পোশাকের দাম অনেক বেশি। সবার পক্ষে এসব কেনা সম্ভব নয়। মানুষ দোকানে এসে দাম জিজ্ঞাসা করে। কিন্তু সামর্থ্য না থাকায় কিছু না কিনেই চলে যায়।’ তিনি প্রতিদিন চার থেকে ছয়টি শীতের ট্র্যাকস্যুট বিক্রি করতে পারেন। তার দোকানের আশপাশের বাস্তুচ্যুত শিবিরগুলোতে অনেক শিশুকে এখনো পাতলা পোশাক কিংবা হাফহাতা জামা পরে থাকতে দেখা যায়। মোহাম্মদের মতে, গাজায় পণ্য প্রবেশে ইসরাইলের অব্যাহত বিধিনিষেধের কারণে বাজারে পোশাকের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। তিনি বলেন, ‘প্রথমত, পণ্যের সংকট রয়েছে। পাইকারি বিক্রেতারা তাদের দাম কমাচ্ছেন না। আমাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব পোশাকের দাম যদি ৪০ বা ৫০ শেকেলের পরিবর্তে ২০ বা ২৫ শেকেল হতো, তাহলে হয়তো মানুষ কিনতে পারত।’ মোহাম্মদ জানান, শীতের পোশাকের মজুত কিনতে তিনি ২০ হাজার শেকেলের বেশি বিনিয়োগ করেছেন। কিন্তু তিন সপ্তাহ ধরে বিক্রির পর তার আয় হয়েছে ৫ হাজার শেকেলেরও কম। তবে আনাস হামাদের মতো অনেকের কাছে এই দামেও পোশাক কেনার সামর্থ্য নেই। উত্তর গাজার বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হয়েছেন আনাস ও তার পরিবার। যুদ্ধের আগে সেখানে তার একটি সুপারমার্কেট ছিল। তার চার ভাইও সেখানে কাজ করতেন। যুদ্ধে তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা পাঁচ ভাইয়ের কেউই এখন কর্মহীন। কোনো আয় না থাকায় তিন সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারেন না আনাস। সন্তানদের পোশাকের জন্য তাকে পুরোনো কাপড়ের বাজার ও অন্যের ব্যবহৃত পোশাকের ওপর নির্ভর করতে হয়। তিনি একটি ঘটনার কথা স্মরণ করেন। তার পাঁচ বছর বয়সি মেয়ে জানা একদিন নতুন জামা চেয়েছিল। কিন্তু নতুন জামা কিনে দিতে না পেরে তিনি মেয়েকে তার গায়ে থাকা জামাটিই দেখিয়ে দেন। জামাটি আগে তার ভাই পরত। প্রায় দুই বছর ধরে ছেঁড়া ও জরাজীর্ণ একটি তাঁবুতে বসবাস করছে আনাসের পরিবার। তার স্ত্রী সেলাই করে ও তালি দিয়ে তাঁবুটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু ওপর ও নিচ—দুই দিক দিয়েই বৃষ্টির পানি ঢোকে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে তাদের বিছানাপত্র ও অন্যান্য জিনিসপত্র ভিজে গেছে। আনাস বলেন, ঠান্ডায় তার তিন বছর বয়সি সন্তান কাঁপছিল। তাঁবুর ওপর বৃষ্টির শব্দে শিশুরা ভয় পেয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, সন্তানদের জন্য খাবার কিনব, গরম পোশাক ও কম্বল কিনব, নাকি আসন্ন বৃষ্টি থেকে তাঁবু রক্ষার জন্য ত্রিপল কিনব। কোনটিকে অগ্রাধিকার দেব, আর কোনটি বাদ দেব, বুঝতে পারছি না।’ আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন