বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ‘নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’ অন্য এক প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়লেও, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শু/আজা