যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবাহিনীকে (রয়্যাল এয়ার ফোর্স) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান। রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে ব্রিটিশ সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান। এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে। তেহরানের দাবি, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তথ্যসূত্র: গলফ নিউজ