প্রকাশ :: ... | ... | ...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে


সংযুক্ত ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় জ্বালানি তেলের দাম একদিনেই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, জ্বালানি অবকাঠামো ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেড়েছে। বিশ্বের তেল ও এলএনজির উল্লেখযোগ্য অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো বিঘ্ন বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার তুলনায় কমে যাওয়া এবং ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বিলম্বিত হতে পারে— এমন আশঙ্কাও তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তেলের এই মূল্যবৃদ্ধি দীর্ঘস্থায়ী হলে এশিয়ার আমদানিনির্ভর দেশগুলোতে জ্বালানির দাম, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি এবং আমদানি ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।