ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মারিবের আকাশে হুথিদের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে সরকারি বাহিনী। সকালে ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলসহ শহরের কয়েকটি এলাকা। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সরকারি সংবাদমাধ্যম সাবা টিভিও মারিবের আকাশে কয়েকটি হুথি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের নাজরান প্রদেশেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির দাবি, ওই হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় ও একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। হুথিদের বিরুদ্ধে বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন আল-মালিকি। তবে এসব অভিযোগের বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শু/আজা