এনভিডিয়া প্রধানকে ঘিরে কথিত ‘হানিট্র্যাপ’ কৌশল বৃহত্তর গোয়েন্দা তৎপরতার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক শীর্ষ কাউন্টারইন্টেলিজেন্স কর্মকর্তা উইলিয়াম ইভানিনা। তাঁর মতে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, ব্যবসা, গবেষণা ও নীতিনির্ধারণী পরিসরে চীনের দীর্ঘমেয়াদি তথ্য সংগ্রহের কৌশলের একটি উদাহরণ। সম্প্রতি প্রকাশিত এক মতামতধর্মী লেখায় ইভানিনা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি থেকে সুবিধা নিতে চীন বিভিন্ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছে। এ কাজে শুধু প্রশিক্ষিত গুপ্তচর নয়, ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও গবেষকদেরও ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা পরিভাষায় এ ধরনের ব্যক্তিদের ‘নন-ট্র্যাডিশনাল কালেক্টর’ বা অপ্রথাগত তথ্য সংগ্রাহক বলা হয়। ইভানিনা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক ছিলেন। এর আগে তিনি সিআইএর কাউন্টারএসপিওনাজ বিভাগে দায়িত্ব পালন এবং এফবিআইয়ের বিশেষ এজেন্ট হিসেবে কাজ করেছেন। তাঁর বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে এনভিডিয়ার ব্যবসায়িক পরিকল্পনা ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করা হয়ে থাকতে পারে। চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। ফাইল ছবি তবে এসব অভিযোগের সব তথ্য প্রকাশ্যে আসেনি। চীন সরকারও অভিযোগ অস্বীকার করেছে। ফলে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে এখনো গোয়েন্দা মূল্যায়ন ও তদন্তসংশ্লিষ্ট দাবি হিসেবেই বিবেচনা করতে হবে। ইভানিনার মতে, অ্যালিস হুয়াংয়ের গুরুত্ব কেবল এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে তিনি প্রযুক্তি ও ব্যবসায়িক যোগাযোগের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। প্রতিষ্ঠানটি গত দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট চিপ কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব চিপের কোনো অংশ মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে চীনে পৌঁছেছিল কি না, তা নিয়েও তদন্তের কথা জানা গেছে। ইভানিনার যুক্তি, কোনো প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারলে গোয়েন্দা সংস্থার পক্ষে শুধু প্রযুক্তিগত তথ্য নয়, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক সিদ্ধান্ত, প্রতিযোগীদের বিষয়ে ধারণা এবং নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের তথ্যও জানা সম্ভব হতে পারে। এ ধরনের তথ্য সরাসরি চুরি করা নথির মতো দৃশ্যমান না হলেও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে প্রতিপক্ষকে সুবিধা দিতে পারে। ব্যবসা ও গবেষণার আড়ালে তথ্য সংগ্রহ ইভানিনার বিশ্লেষণে চীনের গোয়েন্দা তৎপরতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈধ ব্যবসা ও গবেষণার সম্পর্ককে তথ্য সংগ্রহের সুযোগ হিসেবে ব্যবহার করা। তাঁর মতে, কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি বিনিময় কিংবা গবেষণা অংশীদারত্বের মাধ্যমে এমন ব্যক্তিরা সংবেদনশীল তথ্যের নাগাল পেতে পারেন, যাঁরা প্রচলিত অর্থে গোয়েন্দা কর্মকর্তা নন। এ ধরনের ব্যক্তিরা কখনো জেনেশুনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে পারেন। আবার কখনো তাঁদের পেশাগত যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্ক কিংবা ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে অজান্তেই তথ্য সংগ্রহে ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চীনের বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয়তা ও মেধাস্বত্ব চুরির অভিযোগের উদাহরণও তুলে ধরেছেন ইভানিনা। তাঁর উল্লেখ করা ঘটনাগুলোর মধ্যে রয়েছে কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান মনসান্টোর হাইব্রিড বীজ, ডুপন্টের টাইটানিয়াম ডাই-অক্সাইড উৎপাদনপ্রযুক্তি, পিটসবার্গ কর্নিংয়ের গ্লাস ইনসুলেশন এবং জিই অ্যাভিয়েশনের জেট ইঞ্জিন-সংশ্লিষ্ট প্রযুক্তির তথ্য চুরির অভিযোগ। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। মনসান্টোর বীজ চুরির একটি ঘটনায় আইওয়ার একটি খামারের মাটি খুঁড়ে বীজ সংগ্রহের সময় এক চীনা নাগরিক ধরা পড়েছিলেন বলে ইভানিনা উল্লেখ করেন। তাঁর মতে, চীনের গোয়েন্দা তৎপরতা শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি কর্মকর্তা, রাজনীতিক, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক নেটওয়ার্কও এর লক্ষ্য হতে পারে। ২০২৪ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে চীনের পক্ষে অঘোষিত প্রভাব বিস্তারের অভিযোগে সাবেক এক সরকারি সহযোগীর বিরুদ্ধে ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ আনার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। এর আগে সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের সঙ্গে এক সন্দেহভাজন চীনা গোয়েন্দার যোগাযোগের বিষয়টি নিয়েও যুক্তরাষ্ট্রে আলোচনা হয়েছিল। ইভানিনার মতে, চীনের জাতীয় গোয়েন্দা আইন দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়ার ব্যাপক সুযোগ দেয়। ফলে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে তথ্যের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। তাঁর আশঙ্কা, কোনো প্রতিষ্ঠানের হাতে থাকা ব্যবসায়িক তথ্য, আর্থিক লেনদেনের বিবরণ, ই-মেইল কিংবা যোগাযোগের রেকর্ডও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহারের ঝুঁকিতে থাকতে পারে। বছরে শত শত কোটি ডলারের ক্ষতির আশঙ্কা চীনের বিরুদ্ধে মেধাস্বত্ব ও বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন ইভানিনা। তাঁর লেখায় মার্কিন অর্থনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বছরে ৩০ হাজার কোটি থেকে ৬০ হাজার কোটি ডলার ক্ষতির একটি আনুমানিক হিসাব তুলে ধরা হয়েছে। চার সদস্যের একটি মার্কিন পরিবারের ক্ষেত্রে কর-পরবর্তী হিসাবে এর বার্ষিক আর্থিক প্রভাব প্রায় ছয় হাজার ডলার বলে তিনি উল্লেখ করেন। তবে এ হিসাবকে নির্দিষ্ট কোনো ঘটনার নিরীক্ষিত ক্ষতির পরিমাণ হিসেবে দেখার সুযোগ নেই। এটি মেধাস্বত্ব চুরি ও বাণিজ্যিক গোপনীয়তা হারানোর সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে ব্যবহৃত একটি আনুমানিক মূল্যায়ন। ইভানিনার মতে, চীনের আগ্রহের তালিকায় রয়েছে মহাকাশ, গভীর সমুদ্র, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প, পরিবেশবান্ধব জ্বালানি, বৈদ্যুতিক ব্যাটারি এবং জিনগত গবেষণা। এসব খাতের প্রযুক্তি ভবিষ্যৎ অর্থনীতি, সামরিক সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এসব ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি অর্জনের প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রস্তাব চীনের এই কথিত গোয়েন্দা তৎপরতা মোকাবিলায় শুধু মার্কিন গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করাকে যথেষ্ট মনে করেন না ইভানিনা। তাঁর মতে, প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং পরিচালনা পর্ষদকেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সক্রিয় ভূমিকা নিতে হবে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে একটি বিশেষ পরামর্শক প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্যানেল কংগ্রেস, গোয়েন্দা সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে প্রযুক্তি খাতের নিরাপত্তাঝুঁকি সম্পর্কে পরামর্শ দেবে। পাশাপাশি আর্থিক সেবা, টেলিযোগাযোগ, জ্বালানি, ওষুধ ও জৈবপ্রযুক্তি, উৎপাদন, মহাকাশ, পরিবহন, বেসরকারি বিনিয়োগ এবং ভেঞ্চার ক্যাপিটাল খাতের প্রতিনিধিদেরও এতে যুক্ত করার কথা বলেছেন তিনি। তাঁর প্রস্তাব অনুযায়ী, মার্কিন সরকারের উচিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানো। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, সম্ভাব্য ক্ষতি কীভাবে সীমিত করা যায় এবং সন্দেহজনক তৎপরতা শনাক্ত হলে কী পদক্ষেপ নেওয়া উচিত—এসব বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও কার্যকর তথ্য দিতে হবে। ইভানিনার মতে, একটি বেসরকারি প্রতিষ্ঠান একা কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, করপোরেট নেতৃত্ব ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে সেই উদ্যোগ হতে হবে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকার অক্ষুণ্ন রেখে। জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ককে তাই তিনি কেবল একজন শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত সম্পর্কের ঘটনা হিসেবে দেখছেন না। তাঁর মতে, এ ঘটনা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের নিরাপত্তা, ব্যবসায়িক স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ রক্ষার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন সামনে এনেছে। অর্থনৈতিক নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করে এখনই প্রতিরোধব্যবস্থা শক্তিশালী না করলে ভবিষ্যতে এর মূল্য আরও বেশি দিতে হতে পারে।