প্রকাশ :: ... | ... | ...

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল


সংযুক্ত ছবি

ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র দুর্ঘটনায় ডুবে যাওয়ার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে কোর্ট মার্শালের কার্যক্রম শুরু করেছে দেশটির নৌবাহিনী। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে মেরামতের সময় জাহাজটি এক পাশে কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক নিহত হন এবং যুদ্ধজাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর মুম্বাইয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন জাহাজটির অধিনায়ক (ক্যাপ্টেন) এবং ওই দিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (লেফটেন্যান্ট কমান্ডার)। দুজনের বিরুদ্ধেই দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জাহাজের অধিনায়কের বিরুদ্ধে নৌযানকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার অভিযোগও রয়েছে। সামরিক আদালতে অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তাদের তিরস্কার, পদমর্যাদা বা জ্যেষ্ঠতা হারানো থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ের দুর্ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। মেরামতের সময় যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে বড় ধরনের উদ্ধার অভিযানে রূপ নিয়েছিল, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সূত্র: এনডিটিভি