প্রকাশ :: ... | ... | ...

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট


সংযুক্ত ছবি

ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। এ কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের পাশাপাশি একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের ফ্লাইটও বিলম্বিত হচ্ছে। শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG306 টরন্টো থেকে রোম হয়ে ঢাকার উদ্দেশে পরিচালনার সময় ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ শুরু করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। নিরাপত্তা পরীক্ষায় সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে না বলেও বিজ্ঞপ্তির বক্তব্যে স্পষ্ট করা হয়েছে। একই উড়োজাহাজ দিয়ে ঢাকা-রোম-টরন্টো রুটের BG305 ফ্লাইট পরিচালিত হওয়ার কারণে ওই ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, BG305 ফ্লাইটটি শনিবার ৮ আগস্ট দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ ফ্লাইটের যাত্রীদের সকাল ৯টার মধ্যে বিমানবন্দরে রিপোর্ট করতে অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে, রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর BG306 ফ্লাইটের নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফ্লাইটসংক্রান্ত যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।