প্রকাশ :: ... | ... | ...

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি সরাতে পারবেন নেতানিয়াহুকে


সংযুক্ত ছবি

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর সুযোগ পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়ে তাঁকে ২৮ দিন সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ সদস্যের সমর্থন। আইজেনকটের জোটের আসন ৪৮টি। আরব দলগুলোর সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলেও তাঁর জোটের ডানপন্থি শরিকদের আপত্তি রয়েছে। ফলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। গত ৮ নভেম্বর রোববার জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেন হারজগ। এ সময় তিনি বলেন, ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝেন, এমন যে কারও সঙ্গে আলোচনার জন্য তাঁর দরজা খোলা। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের কট্টর ডানপন্থি দলকেও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে কেবল তাঁকেই মেনে নিতে হবে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক দল হিসেবে সবচেয়ে বেশি ২৭টি আসন পেয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে তাঁর জোটের আসন ৫৩টি। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সুপারিশ করেছে মোট ৬৭ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো। নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছে ৪৬ আসনের দলগুলো। নেতানিয়াহুর জোটের গুরুত্বপূর্ণ শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কোনো পক্ষকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে। দলটির আসন সাতটি। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দৌড়ে নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়েছে। অন্যদিকে আরব দল রাআম ও ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের মোট আসন ১৯টি। আইজেনকটের জোটের সঙ্গে এসব আসন যুক্ত হলে সমর্থন দাঁড়ায় ৬৭-তে। আরব দলগুলোর সমর্থন নিয়ে জটিলতা সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকটের সবচেয়ে বড় ভরসা হতে পারে আরব দলগুলোর সমর্থন। রাআম ও জয়েন্ট লিস্টের নেতারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকটের সঙ্গে কাজ করতে আগ্রহী। মন্ত্রিসভায় যোগ না দিয়ে বাইরে থেকেও তাঁরা সরকারকে সমর্থন দিতে পারেন। কিন্তু এই সমর্থন নিতে গেলে আইজেনকটের জোটের ডানপন্থি শরিকদের আপত্তি মোকাবিলা করতে হবে। জোটের ডানপন্থি দল ইসরায়েল বেইতেনুর নেতা অ্যাভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। আইজেনকটও নির্বাচনী প্রচারে আরব দলগুলোকে সরকারে না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। তবে তাঁর জোটের মধ্যবামপন্থি দ্য ডেমোক্র্যাটস প্রকাশ্যে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। আরব দলগুলোর সমর্থন পেতে হলে ইসরায়েলের ফিলিস্তিনি জনপদগুলোতে ছড়িয়ে পড়া সহিংস অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিতে হতে পারে আইজেনকটকে। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের দাবিও রয়েছে তাদের। এসব দলের অভিযোগ, নেতানিয়াহু সরকারের অংশীদার কট্টর ডানপন্থি দুই মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোতরিচের সক্রিয় মদদে বসতি স্থাপনকারীদের হামলা চলছে। নেসেটের বামপন্থি হারদাশ পার্টির সদস্য আইদা তৌমা-স্লিম্যানের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়েছে, আইজেনকট ফিলিস্তিনি ভোটারদের ওপর নির্ভর করতে চাইছেন না। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের এই সদস্যের ভাষ্য, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত আইন নিয়ে আরবদের সমর্থনের ওপর নির্ভর করার ঝুঁকি নেওয়ার চেয়ে আইজেনকট কট্টরপন্থি ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতায় বেশি আগ্রহী। ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতার বাধা নেতানিয়াহুর জোটের দুই অতি রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের মোট আসন ১৩টি। এই দুই দলের সমর্থন পেলে আইজেনকটের জোটের আসন ৬১-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। তবে এ ক্ষেত্রে বড় বাধা ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্ন। ইসরায়েলের কট্টরপন্থি ইহুদি সম্প্রদায়ের অনেক তরুণ ধর্মীয় শিক্ষায় নিয়োজিত থাকার কারণে সামরিক বাহিনীতে যোগ দেন না। তাঁদের এই ছাড় অব্যাহত রাখার দাবি রয়েছে ধর্মীয় দলগুলোর। অন্যদিকে আইজেনকট ও লিবারম্যান এই ছাড়ের সমালোচক। তবে গত শুক্রবার লিবারম্যান সমঝোতার ইঙ্গিত দিয়ে সমর্থকদের বলেছেন, সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। আইজেনকটও সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির বিকল্প হিসেবে বেসামরিক জাতীয় সেবার প্রস্তাব দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরব দল কিংবা অতি রক্ষণশীল ধর্মীয় দল—কোনো পক্ষের সমর্থন নিশ্চিত করতে না পারলে আইজেনকটের সামনে বিকল্প হিসেবে আসতে পারে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন। তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল তাঁর জোটের প্রধান নির্বাচনী অঙ্গীকার। ফলে এমন সরকার গঠনের সম্ভাবনা রাজনৈতিকভাবে কঠিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণেও বলা হয়েছে, নেতানিয়াহু তাঁর ডানপন্থি নীতির এজেন্ডা বাস্তবায়নে যে ধরনের সংখ্যাগরিষ্ঠ সরকার কাজে লাগিয়েছেন, আইজেনকোটের পক্ষে তেমন সরকার গঠন সহজ হবে না। রাজনৈতিক দর-কষাকষিতে নেতানিয়াহুর মতো কৌশলী ভূমিকা নিতে পারবেন কি না, তা নিয়েও পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়েছে। সরকার গঠনে সময় ও পরবর্তী প্রক্রিয়া সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রেসিডেন্ট চাইলে আরও সর্বোচ্চ ১৪ দিন সময় বাড়াতে পারবেন। জোট গঠনের পর নেসেটে আস্থা ভোটে পাস করতে হবে নতুন সরকারকে। আইজেনকোট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন। পরবর্তী সুযোগটি নেতানিয়াহু পেতে পারেন বলে রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে। দ্বিতীয় প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন; এ সময় বাড়ানোর সুযোগ নেই। দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে পরবর্তী ২১ দিনের মধ্যে নেসেটের অন্তত ৬১ সদস্য লিখিতভাবে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। এই প্রক্রিয়াতেও সরকার গঠন সম্ভব না হলে পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তত দিন বিদায়ী সরকার দায়িত্ব পালন করবে। নতুন পার্লামেন্ট সদস্যদের মঙ্গলবার শপথ নেওয়ার কথা রয়েছে। ইসরায়েলে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে পাঁচবার নির্বাচন হয়েছে। নতুন করে নির্বাচন এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। ফলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর অভিন্ন লক্ষ্য নিয়ে একত্র হওয়া বিরোধী দলগুলো নিজেদের মতপার্থক্য কতটা কাটিয়ে উঠতে পারে, তার ওপরই আইজেনকোটের সাফল্য নির্ভর করছে। নেতানিয়াহুর বিকল্প হিসেবে আইজেনকোট সরকার গঠনের অঙ্কের বাইরে আইজেনকোটের সামনে রয়েছে ইসরায়েলের রাজনৈতিক ভাবমূর্তি ও পররাষ্ট্রনীতির প্রশ্ন। সাবেক সেনাপ্রধান হিসেবে তাঁর পরিচিতি, সংযত ব্যক্তিত্ব এবং নেতানিয়াহুর সঙ্গে জীবনযাপনের পার্থক্য তাঁকে অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য করেছে। মরক্কো থেকে আসা বাবা-মায়ের সন্তান আইজেনকোটের জন্ম তিবেরিয়াসে। বেড়ে উঠেছেন দক্ষিণের বন্দরনগরী ইলাতে। ১৮ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে একসময় ইসরায়েলের সেনাপ্রধান হন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর গঠিত জাতীয় ঐক্যের সরকারেও দায়িত্ব পালন করেন। তবে তাঁর ব্যক্তিগত জীবনে গাজা যুদ্ধের গভীর ক্ষত রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় যুদ্ধে তাঁর ছেলে গাল নিহত হন। এর এক দিন পর নিহত হন তাঁর ভাতিজা মাওর। ২০২৪ সালের নভেম্বরে গাজায় নিহত হন আরেক ভাতিজা ইয়োগেভ পাজিও। এসব ঘটনা তাঁর ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। চ্যাথাম হাউজের জ্যেষ্ঠ ফেলো ইয়োসি মেকেলবার্গের মতে, আইজেনকোটের আচরণে সামরিক কর্মকর্তার ছাপ স্পষ্ট। তিনি স্থির স্বভাবের এবং তাঁর মনের ভাব সহজে বোঝা যায় না। মেকেলবার্গ মনে করেন, ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রয়োজন স্বাভাবিক জীবনের অনুভূতি এবং সবার জন্য একই নিয়ম কার্যকর হওয়ার নিশ্চয়তা। সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ফিলিস্তিন নীতি সরকার গঠন করতে পারলে আইজেনকোটের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এবং ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মার্কিন জনমতে ইসরায়েলকে নিয়ে সমালোচনা বেড়েছে। নেতানিয়াহু ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছেন—এমন অভিযোগও রয়েছে। কার্নেগি এনডাউমেন্টের জ্যেষ্ঠ ফেলো অ্যারন ডেভিড মিলারের মতে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি এখন তলানিতে। আইজেনকোটকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তবে জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে তাঁর অস্বস্তি এবং ইংরেজিতে কথা বলতে অনীহা এ কাজে বাধা হতে পারে। মিলার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ—দুটি বিষয়ই মার্কিন জনগণের সামনে রয়েছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আইজেনকোট এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, যার নজির আগে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মোকাবিলা করতে হয়নি। ফিলিস্তিনিদের প্রতি নীতির প্রশ্নেও আইজেনকোটের অতীত ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে অসম মাত্রার সামরিক শক্তি প্রয়োগ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কৌশল হিসেবে পরিচিত ‘দাহিয়া ডকট্রিন’-এর সঙ্গে তাঁর নাম জড়িত। ২০০৬ সালের লেবানন যুদ্ধের সময় এই নীতি প্রণয়নের কৃতিত্ব তাঁকে দেওয়া হয়। ওই যুদ্ধে ইসরায়েলি হামলায় ১ হাজার ১০৯ জন নিহত হন, যাঁদের প্রায় ৮৬০ জনই ছিলেন বেসামরিক নাগরিক। সেনাপ্রধান থাকাকালে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান পরিচালনায়ও তাঁর ভূমিকা ছিল। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে অথবা সংঘাতের ঘটনায় প্রায় ৬৫০ ফিলিস্তিনি নিহত হন। শুধু ২০১৮ সালেই নিহত হন ২৯৫ জন। তাঁদের মধ্যে ১৮৯ জন গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভ চলাকালে প্রাণ হারান। পরে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানায়, আইজেনকোটের নেতৃত্বাধীন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। কমিশনের মূল্যায়নে, এসব লঙ্ঘনের কিছু যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে। ফলে নেতানিয়াহুর বিকল্প হিসেবে আইজেনকোটের উত্থান ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করলেও ফিলিস্তিনিদের প্রতি দেশটির নীতি কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সরকার গঠনের জন্য তাঁকে যেমন ভিন্নমতের দলগুলোর সঙ্গে সমঝোতা করতে হবে, তেমনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, অভ্যন্তরীণ বিভাজন এবং ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমালোচনাও সামলাতে হবে। শেষ পর্যন্ত নেতানিয়াহুকে সরাতে পারবেন কি না, তা নির্ভর করছে বিরোধী জোটের ঐক্য ও আরব দলগুলোর সমর্থন আদায়ের সক্ষমতার ওপর।