ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পৌরিয়া সাফভাত। সোমবার (৩ আগস্ট) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের কর্তৃপক্ষের অভিযোগ, তারা দেশের সামরিক ও নিরাপত্তা-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন। এমন এক সময় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না। এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েলের বিমান হামলার পর দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। পরে যুক্তরাষ্ট্র সংঘাতে যুক্ত হলে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানে সামরিক অভিযান শুরু করে। যদিও অভিযানের শুরুর দিকেই ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দফা যুদ্ধবিরতি হয়েছে এবং গত মে মাসে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেও এখনো দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি হয়নি এবং উত্তেজনা অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স শু/আজা