ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মানুষ ভোগান্তিতে পড়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো। একই সঙ্গে দাবানলের জন্য দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আগুন নিয়ন্ত্রণ ও ভবিষ্যতে দাবানল প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) আসিয়ান সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রবোয়ো সুবিয়ান্তো এ ক্ষমা প্রার্থনা করেন। পরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়। প্রবোয়ো বলেন, বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ইন্দোনেশিয়া সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। দাবানল মোকাবিলা ও প্রতিরোধে সরকারের সক্ষমতা বাড়াতে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো রোববার বলেন, দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া কী কী পদক্ষেপ নিয়েছে, তা দেশটি খোলাখুলিভাবে তুলে ধরেছে। এক সংবাদ সম্মেলনে লাজারো জানান, আন্তঃসীমান্ত ধোঁয়াজনিত দূষণ নিয়ন্ত্রণে আসিয়ান সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার চুক্তিটি দ্রুত অনুমোদনের বিষয়টিকে অগ্রাধিকার দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আসিয়ান নেতারা। প্রসঙ্গত, গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির বিস্তীর্ণ বনাঞ্চল ও ভূমি আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিভিন্ন এলাকা। ইন্দোনেশিয়ার বনাঞ্চলে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় বায়ুদূষণ ও জনদুর্ভোগের কারণ হয়েছে এই ধোঁয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তঃসীমান্ত ধোঁয়াজনিত দূষণ দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। এ পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা ও দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে আসিয়ানভুক্ত দেশগুলো।