প্রকাশ :: ... | ... | ...

সিন্ধুর প্রতিটি ফোঁটা পানি রেড লাইন’, ভারতকে শাহবাজের কড়া হুঁশিয়ারি


সংযুক্ত ছবি

সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির আওতাভুক্ত পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়; তবে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার ওপর কোনো আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। খবর আনাদোলুর। পাকিস্তানের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ অনুষ্ঠানে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার জন্য সতর্ক করেন তিনি। শাহবাজ বলেন, পূর্ণ মর্যাদা ও দৃঢ় সংকল্প নিয়ে পাকিস্তান শান্তির পক্ষে অটল রয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, এই অঞ্চলে পাকিস্তান ‘শান্তির জামিনদার’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করা হলে এবার আরও কঠোর জবাব দেওয়া হবে। গত বছরের মে মাসের সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কেউ পাকিস্তানের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করলে তারা ২০২৫ সালের মে মাসের চেয়েও ভয়াবহ জবাব পাবে। সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘পরাজয় ঢাকতেই’ ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত করেছে। তিনি বলেন, “আমাদের পানির প্রতিটি ফোঁটাই একটি রেড লাইন। ভারত যদি সঠিক পথে না চলে, তবে আমরা সরাসরি জবাব দেব।” শাহবাজ শরিফের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি প্রত্যাখ্যান করে। পাকিস্তান একই সঙ্গে জানিয়ে আসছে, পানির ন্যায্য হিস্যা বন্ধের যেকোনো প্রচেষ্টাকে তারা ‘যুদ্ধের শামিল’ হিসেবে বিবেচনা করবে। দেশটির দাবি, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সুযোগ নেই। শু/আজা