প্রকাশ :: ... | ... | ...

হরমুজ প্রণালি নিয়ে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের


সংযুক্ত ছবি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথে ওমান ‘বাধা সৃষ্টি করলে’ দেশটিতে তীব্র বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘ওমান যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর তীব্র বোমা হামলা চালাব।’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেন। জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরানি ও ওমানি কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে। তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর সময় তেহরান কার্যকরভাবে প্রণালিটি বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেন তিনি। বর্তমানে অবশ্য এই নৌপথে জাহাজ চলাচল অনেকটাই সংকুচিত হয়ে রয়েছে। গত শুক্রবারও ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন। এর পাল্টা জবাবে ইরান জানিয়েছে, অবরুদ্ধ করে রাখা গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথ কেবল ইরানেরই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিকে উন্মুক্ত আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচনা করা হতো। বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা এবং দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টার বিরুদ্ধে দর-কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালির কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। হরমুজ প্রণালির উত্তরে ইরানের উপকূল এবং দক্ষিণে ওমান অবস্থিত। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা ওড়ানোর আহ্বানও জানান। এদিকে, যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে যুদ্ধটি ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠলেও ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বিরোধী ডেমোক্র্যাটরা। ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসন ও ইরানের রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তাদের মধ্যে সরাসরি একটি গোপন যোগাযোগের মাধ্যম রয়েছে। তাদের ‘ভালো খেলোয়াড়’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা প্রায় ধ্বংসের পথে। সূত্র: এএফপি।