ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম দাবি করেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরেই লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম। ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি ট্রাম্পকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেই তা সহজে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।” সাক্ষাৎকারে তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন মোকাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়, বরং উত্তেজনা কমানো এবং ইরানের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা। তার ভাষায়, “আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। ওয়াশিংটনের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হলো ইসলামি প্রজাতন্ত্রের দাবিগুলোকে জোরালো করা।” তিনি আরও বলেন, “আমরা ট্রাম্প এবং তার সহযোগীদের সঙ্গে শান্তির জন্য আলোচনা করছি না। আলোচনায় আমরা আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাই।” মোকাদ্দাম দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়টি এখনো ইরানের বিবেচনায় রয়েছে এবং সেটি আলোচনার টেবিল থেকেও বাদ যায়নি। আইআরজিসির সাবেক এই কমান্ডারের এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এখন আমরা এটি পাহারা দিতে যাচ্ছি এবং এই দায়িত্ব পালনের জন্য আমাদের অর্থও দেওয়া হবে।” সূত্র: মিডল ইস্ট মনিটর শু/আজা