প্রকাশ :: ... | ... | ...

ফ্রি ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে


সংযুক্ত ছবি

নুসুক অ্যাপের কুইজে অংশ নিয়ে জেতা যাবে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ। প্রতিদিন লটারিতে নির্বাচিত হবেন বিজয়ীরা বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। এ সুযোগ পেতে অংশ নিতে হবে অনলাইন কুইজ প্রতিযোগিতায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ। এর আওতায় থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। বিজয়ীরা চাইলে তাঁদের সঙ্গে আরও একজনকে নিতে পারবেন। যেভাবে অংশ নেবেন বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিম ব্যবহারকারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘Nusuk’ অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপে প্রবেশ করে নাম, ই-মেইল, দেশের নাম ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ই-মেইলে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে। অ্যাকাউন্ট খোলার পর অ্যাপের মেনু থেকে ‘Game Center’ অথবা ‘Nusuk Challenge’ অপশনে যেতে হবে। সেখানে পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকবে। অংশগ্রহণকারীকে একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে। লটারিতে জেতার সম্ভাবনা বাড়াতে নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানানো যাবে। এতে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যায়, যা লটারিতে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সহায়তা করে। প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের অফিশিয়াল অ্যাপ বা সৌদি কর্তৃপক্ষের যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিন আরও ১০ জন অংশগ্রহণকারীকে জমজমের পানির বিশেষ কার্ড দেওয়ার কথাও জানানো হয়েছে।