প্রকাশ :: ... | ... | ...

৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর


সংযুক্ত ছবি

শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ের এ প্রতিযোগিতা শেষে ১৩ বিজয়ীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দিয়েছেন আয়োজকরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে জায়নামাজ, তসবি, টুপি ও ক্রেস্ট তুলে দেন প্রতিযোগিতার উদ্যোক্তা মিজানুর রহমান বাবলু তালুকদার। অনুষ্ঠানে বাৎসরিক দোয়া ইউনুস পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিজানুর রহমান বাবলু তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নজরুল ইসলাম শাহীন তালুকদারের ছোট ভাই। আয়োজনে সহযোগিতা করে পশ্চিম গোপালপুর খতিব বাড়ি জামে মসজিদ কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আ. কাদের খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদ খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. খালেক খান, সাধারণ সম্পাদক মো. বেলাল জোমাদ্দার, যুবদল সভাপতি মো. মনিরুজ্জামান মাস্টার, সুবিদপুর ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিরাজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজল তালুকদার, সাধারণ সম্পাদক মো. তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন ও যুগ্ম সম্পাদক মো. জসিম আকন। এ ছাড়া স্থানীয় মসজিদ কমিটির নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করা, নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাদের আশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।