চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে আইটি সোসাইটিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার লক্ষ্যে মানবিক উদ্যোগ হিসেবে গাছ বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইটি সোসাইটির সাবেক উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আসমা ম্যামের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ কার্যক্রম চলমান রয়েছে। সাদিয়ার চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তার উদ্দেশ্যে পরিচালিত এই উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। গাছ বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পাশাপাশি একজন সহপাঠীর কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি সোহরাব হাসান আকাশ বলেন, “সাদিয়া আমাদেরই একজন শিক্ষার্থী, আমাদেরই পরিবারের একজন সদস্য। তার চিকিৎসার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো শুধু সহমর্মিতা নয়, এটি আমাদের সম্মিলিত মানবিক দায়িত্ব। একটি গাছ হয়তো ছোট একটি সহায়তার প্রতীক, কিন্তু অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা একজন মানুষের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। প্রফেসর ড. আসমা ম্যামের সহযোগিতা ও তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ আমাদের শিক্ষাঙ্গনে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা চাই, সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুক এবং সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত আরও বিস্তৃত হোক। আয়োজকদের পক্ষ থেকে সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সচেতন নাগরিককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।