নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য এ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার নতুন ক্ষেত্র তৈরি করবে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, দিনটি বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এলাকার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ উদ্যোগ ভবিষ্যতে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ভিত্তি তৈরি করবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নোবিপ্রবি ইতিমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অঞ্চলের শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এ অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে। প্রতিষ্ঠানটিতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের প্রয়োজন হয়। নতুন প্রতিষ্ঠানটি তাঁদের সেই সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন এ অঞ্চলের মানুষের অর্জন। এর উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে স্থানীয় মানুষের প্রত্যাশাও গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। স্থানীয়দের উদ্দেশে উপাচার্য বলেন, ‘এই মাটি আপনাদের। আপনারা নিশ্চয়ই একটি জ্ঞানভিত্তিক ও শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য সহযোগিতার হাত বাড়াবেন, যাতে এখানে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।’ নোবিপবি দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠান একদিন শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখানে স্থানীয় পরিবারের সন্তানেরা পড়াশোনা করবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে বলেও উল্লেখ করেন উপাচার্য। প্রতিষ্ঠানটিকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন, বিএনপির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা এবং নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।