রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতা ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই ঘটনায় আরও আটজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত, ব্যবস্থা গ্রহণ ও সতর্ক করার সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে তদন্ত কমিটির সুপারিশ তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের প্রস্তাব করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী, শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন প্রমাণ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ পাওয়া তিন ছাত্রদল নেতাকে এর আগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত কী হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের ওপর নির্ভর করছে।