প্রকাশ :: ... | ... | ...

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড


সংযুক্ত ছবি

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ। স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার শব্দ শোনা যায়। সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখা যায়, আগুন দেয়ার কারণে এর বিভিন্ন স্থানে পোড়ার কালো চিহ্ন রয়েছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য মোতায়েন থাকেন। সোমবার রাতেও সেখানে দুই পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তবে রাতে দুই দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভ চত্বরে প্রবেশ করে আগুন দিয়ে পালিয়ে যায়। স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।