প্রকাশ :: ... | ... | ...

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান


সংযুক্ত ছবি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ০১ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ, অথচ বোলিংয়ে যেন বহু অভিজ্ঞ এক শিকারি! ২১ বছর বয়সী মহলি বিয়ার্ডম্যানের গতি ও সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। একাই তুলে নিলেন ৬ উইকেট। তাঁর বিধ্বংসী বোলিংয়ে পার্থের প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অভিষেকেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বিয়ার্ডম্যান। ৭.৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় তাঁর শিকার ৬ উইকেট। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার কোনো বোলারের এটিই প্রথম ছয় উইকেট নেওয়ার কীর্তি। এর আগে ১৯৮৮ সালে অভিষেকে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টনি ডোডামেড। ৩৮ বছর পর সেই কীর্তি ছাড়িয়ে গেলেন বিয়ার্ডম্যান। ওয়ানডে ইতিহাসে অভিষেকে ছয় বা তার বেশি উইকেট নেওয়া পঞ্চম বোলারও তিনি। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারেনকে ফিরিয়ে দেন এই তরুণ পেসার। বিশেষ করে জো রুটের ২০০তম ওয়ানডে ম্যাচটি হয়ে থাকল ভুলে যাওয়ার মতো। বিয়ার্ডম্যানের সঙ্গে বল হাতে দারুণ সঙ্গ দেন স্পেন্সার জনসন। ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন অপরাজিত ২৯ রান করেন। ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন এই ওপেনার। কুপার কনোলিও করেন ২৭ রান। এরপর অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ হয়ে যায় জয়। মাত্র ৩০ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত জশ ইংলিস ও ম্যাট রেনশকে সঙ্গে নিয়ে ২৩.৩ ওভারেই জয় নিশ্চিত করেন মার্শ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন