প্রকাশ :: ... | ... | ...

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ


সংযুক্ত ছবি

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে পুরুষ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বালিতে গতকাল অনুষ্ঠিত আইসিসির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অন্যদিকে একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নারী বিভাগের অলিম্পিক বাছাইপর্ব। পুরুষ ও নারী—উভয় বিভাগের বাছাইপর্বেই অংশ নেবে আটটি করে দল। দলগুলো চারটি করে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে ১৩টি করে ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই পাবে এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট। অর্থাৎ অলিম্পিকে ক্রিকেটের বাকি একটি করে জায়গা নির্ধারণ হবে এই বাছাইপর্বের মাধ্যমে। নারী বিভাগে এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দল পদকের জন্য লড়বে। দলগুলোর যোগ্যতা নির্ধারণ করা হবে মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী—দুই বিভাগেই সরাসরি খেলার সুযোগ পাবে। তবে সে ক্ষেত্রে তাদের নির্ধারিত র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।